
কলকাতা: দেশের নিম্নবিত্ত ও গরিব মানুষদের জন্য নিখরচায় চিকিৎসা পরিষেবা পাওয়া যায় আয়ুষ্মান ভারত প্রকল্পে। দেশের অন্যান্য রাজ্যের মতো এবার পশ্চিমবঙ্গেও চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য় যোজনা (AB-PMJAY)। এই স্কিমের অধীনে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসার সুযোগ পাওয়া যায়। এই স্কিমে পরিবারের সদস্যদের সকলের চিকিৎসা করানো যায়। যদি আয়ুষ্মান ভারত স্কিমে পরিবারের নতুন সদস্যের নাম যুক্ত করতে চান, তাহলে কী করতে হবে?
অনেকেই মনে করেন যে আয়ুষ্মান কার্ডে একবার নাম রেজিস্টার হয়ে গেলে, নতুন করে নাম যোগ করা যায় না। কিন্তু তা নয়। বিবাহ বা সন্তানের জন্মের পর, পরিবারের নতুন সদস্যদের যুক্ত করার সুযোগ রেখেছে সরকার।
বাড়িতে বসে অনলাইনে অথবা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে (সিএসসি) গিয়ে, কিংবা আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত কোনও সরকারি/বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান মিত্রের সঙ্গে যোগাযোগ করে নতুন নাম নথিভুক্ত করতে পারেন।
নতুন পুত্রবধূর জন্য: বিবাহের শংসাপত্র, পরিবারের আয়ুষ্মান কার্ড, পুত্রবধূর আধার কার্ড।
নবজাতক শিশুর জন্য: শিশুর জন্ম শংসাপত্র, মা অথবা বাবার আয়ুষ্মান কার্ড।