
বেঙ্গালুরু: বাড়িতে পার্সেল দিতে এসে এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল ডেলিভারি কর্মীর বিরুদ্ধে (Bengaluru Delivery Boy)। অভিযোগ, শৌচাগার ব্যবহারের অজুহাতে জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়েন ওই যুবক। তারপর শৌচাগার থেকে বেরিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো করে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন ওই তরুণী। তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police)।
তরুণী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ডেলিভারি কর্মী পার্সেল দেওয়ার পর শৌচাগার ব্যবহারের অনুমতি চান। কিন্তু, আপত্তি জানান তিনি। প্রয়োজনে প্রতিবেশীদের (পুরুষ) ফ্ল্যাটে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তরুণীর অভিযোগ, বারবার না বলা সত্ত্বেও ডেলিভারি কর্মী জুতো খুলে জোর করে ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়েন। তাঁর অভিযোগ, শৌচাগার থেকে বেরিয়ে আসার পর ওই ব্যক্তি তাঁর সামনে নিজের গোপনাঙ্গ উন্মুক্ত করে দেয়। ঘটনায় তিনি আতঙ্কিত ও অপমানিত বোধ করেন।
তবে, তার মধ্যেও উপস্থিত বুদ্ধি কাজে লাগান ওই তরুণী। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গোটা ঘটনা মোবাইল ভিডিও করেন। বাড়ির মেইন দরজাও খোলা রেখেছিলেন। যাতে প্রয়োজনে তিনি বেরিয়ে সাহায্য চাইতে পারেন। তাঁর কথায়, এই ঘটনার পর নিজের বাড়িতেই নিরাপত্তার অভাবে ভুগছেন।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর বেঙ্গালুরু পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত তথ্য চেয়েছে। যাতে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া যায়। পুলিশ জানিয়েছে, অভিযোগ সংক্রান্ত তথ্য পাওয়ার পরই তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ করা হবে।