
পটনা: জ্বালানির সঙ্কট প্রকট। খরচও বাড়ছে ক্রমাগত। সরকারও জোর দিচ্ছে বিকল্প শক্তি ব্যবহারে। গাড়ির বাজারে এখন জনপ্রিয় ইলেকট্রিক ভেহিকেল বা ইভি (Electric Vehicles)। এবার ইভি কিনলেই সরকার দেবে ইনসেনটিভ। যদি কোনও মহিলা ইভি (EV) কেনেন, তাহলে রাজ্য সরকারের তরফে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে।
এই ঘোষণা করেছে বিহার সরকার। রাজ্যে গ্রিন এনার্জির ব্যবহার বাড়াতে এবং একইসঙ্গে নারী ক্ষমতায়নের প্রচার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে নতুন গাড়ির রেজিস্ট্রেশনের ৩০ শতাংশ যেন ইলেকট্রিক গাড়ি হয়।
এই লক্ষ্যেই চলতি বছরে ইভি পলিসি গ্রহণ করেছে বিহার সরকার, যেখানে মহিলারা ইলেকট্রিক গাড়ি কিনলে ১ লক্ষ টাকার ভর্তুকি দেওয়া হবে। যদি ইলেকট্রিক স্কুটি বা বাইক কেনেন মহিলারা, তাহলেও সরকারের তরফে ১২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। জেনারেল শ্রেণির হলে ১০ হাজার টাকা এবং জাতি-জনজাতির (SC/ST) হলে ১২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
যদি কেউ তিন চাকার ইলেকট্রিক গাড়ি কেনেন, তাহলে জেনারেল ক্যাটেগরির উপভোক্তারা ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। জাতি-জনজাতির উপভোক্তারা ৬০ হাজার টাকা পর্যন্ত ভাতা পাবে।
ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ্যমে এই টাকা দেওয়া হবে। কমার্শিয়াল গাড়ির রেজিস্ট্রেশনের পরই যেমন এই আর্থিক সহায়তা পাওয়া যাবে, তেমনই নন-কমার্শিয়াল ইভি যদি মহিলারা কেনেন, তারাও এই আর্থিক সহায়তা পাবেন। দুই চাকার গাড়ি কিনলে মহিলা ও পুরুষ-উভয় উপভোক্তাই আর্থিক সাহায্য পাবেন।
বিহার সরকার মোটর ভেহিকেল ট্যাক্সেও ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়েছে। ইভি চার্জিং স্টেশন স্থাপনের ক্ষেত্রেও সরকারি সাহায্য পাওয়া যাবে।