Modi at Lok Sabha: ‘শাহর পরিবার দল চালায় না…’, কাকে বলে পরিবারতন্ত্র? ব্যাখ্যা দিলেন মোদী

Modi explains dynasty politics at Lok Sabha: লোকসভায় মোদী পরিবারতন্ত্রের কথা তুলতেই, বিজেপিও পরিবারতন্ত্রে বিশ্বাসী বলে অভিযোগ আসে বিরোধী আসন থেকে। অমিত শাহর ছেলে হিসেবেই জয় শাহ বিসিসিআই-এর সচিব হয়েছেন বলে দাবি করেন, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। এর জবাবেই পরিবারতন্ত্রের রাজনীতির ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী মোদী।

Modi at Lok Sabha: শাহর পরিবার দল চালায় না..., কাকে বলে পরিবারতন্ত্র? ব্যাখ্যা দিলেন মোদী
কাকে বলে পরিবারতন্ত্রের রাজনীতি, লোকসভায় চোখে আঙুল দিয়ে দেখালেন মোদীImage Credit source: PTI

Feb 05, 2024 | 7:35 PM

নয়া দিল্লি: পরিবারতন্ত্র নিয়ে ফের একবার সংসদের অন্দরে বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (৫ ফেব্রুয়ারি) লোকসভায় রাষ্ট্রপতির বাজেট বক্তৃতার জবাবি ভাষণ দিতে গিয়ে, ব্যর্থতার জন্য বিরোধীদের নিন্দা করেন। তিনি বলেন, “তারা (কংগ্রেস-সহ বিরোধীরা) বিরোধী দল হিসেবে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমি সব সময় বলেছি, দেশের উন্নতির জন্য একটি ভালো বিরোধী দল প্রয়োজন।” আর বিরোধীদের এই বেহাল দশার জন্য একচেটিয়াভাবে কংগ্রেসকেই দায়ী করেন প্রধানমন্ত্রী। আরও নির্দিষ্টভাবে বললে, কংগ্রেসের পরিবারতন্ত্রকে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে সংসদে এটাই ছিল প্রধানমন্ত্রীর শেষ ভাষণ।

ক্ষমতায় আসার পর থেকেই, গত ১০ বছরে বিভিন্ন সময়ে পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলিকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিনও তিনি লোকসভায় পরিবারতন্ত্র নিয়েই কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবারতন্ত্রকে তিনি গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলেন। তিনি দাবি করেন, বিরোধীরা আজ নির্বাচনে লড়াই করতেই ভয় পাচ্ছে। কেউ কেউ লোকসভা ছেড়ে রাজ্যসভায় পাড়ি দিচ্ছেন। বিরোধীদের এই বেহাল দশার জন্য দায়ী কংগ্রেস। কারণ, তারা পরিবারতন্ত্রের পুজো করতে গিয়ে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। আবার কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলে যে সমস্ত ক্ষমতাসম্পন্ন নেতারা আছেন, তাদেরও জায়গা দেয়নি। তারা ভয় পেয়েছে, অন্য কোনও নেতা উঠে আসলে, বিশেষ কারও সমস্যা হবে।

তিনি পরিবারতন্ত্রের কথা তুলতেই, বিজেপিও পরিবারতন্ত্রে বিশ্বাসী বলে অভিযোগ আসে বিরোধী আসন থেকে। অমিত শাহর ছেলে হিসেবেই জয় শাহ বিসিসিআই-এর সচিব হয়েছেন বলে দাবি করেন, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী পরিবারতন্ত্র কাকে বলে, তার ব্যাখ্যা দেন৷ তিনি বলেন, “যদি নিজেদের জোরে, জন সমর্থন নিয়ে কোনও পরিবারের একাধিক ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করেন, তাকে আমরা কখনও পরিবারতন্ত্র বলিনি। আমরা তাকেই পরিবারতন্ত্র বলি, যেখানে পার্টি চালায় একটিই পরিবার। যে পার্টি একই পরিবারের লোকদের অগ্রাধিকার দেয়, পার্টির সব সিদ্ধান্তই একই পরিবার নেয়, তাকেই পরিবারতন্ত্র বলে। রাজনাথ সিং বা অমিত শাহের পরিবারের কোনও রাজনৈতিক দল নেই। পরিবারতন্ত্রের রাজনীতি, গণতন্ত্রের জন্য ক্ষতিকর।”

Follow Us