রাজ্যসভায় কংগ্রেস সাংসদের সিটের নীচে টাকার বান্ডিল! তুমুল হইচই

Parliament: শুক্রবার রাজ্যসভায় অধিবেশন শুরুর পরই চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, প্রতিদিনই অধিবেশন শেষের পর রুটিন অ্যান্টি সাবোটাজ চেক হয়, তখন ২২২ সিটের নীচ থেকে নোটের বান্ডিল উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সেই টাকা বাজেয়াপ্ত করা হয়। তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান।

রাজ্যসভায় কংগ্রেস সাংসদের সিটের নীচে টাকার বান্ডিল! তুমুল হইচই
অভিষেক মনু সিংভির সিটের নীচ থেকে টাকা উদ্ধার।Image Credit source: X

|

Dec 06, 2024 | 12:59 PM

নয়া দিল্লি: রাজ্যসভায় টাকার বান্ডিল। তুমুল শোরগোল সংসদে। জানা গিয়েছে, কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির সিটের নীচ থেকে টাকার বান্ডিল মিলেছে। এরপরই তুমুল হইচই পড়ে যায়। তদন্তের দাবি জানিয়ে সুর চড়িয়েছে বিজেপি।

জানা গিয়েছে, আজ, শুক্রবার রাজ্যসভায় অধিবেশন শুরুর পরই চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, প্রতিদিনই অধিবেশন শেষের পর রুটিন অ্যান্টি সাবোটাজ চেক হয়, তখন ২২২ সিটের নীচ থেকে নোটের বান্ডিল উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সেই টাকা বাজেয়াপ্ত করা হয়। তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান।

২২২ নম্বর সিটে বসেন তেলঙ্গানার সাংসদ অভিষেক মনু সিংভি। তাঁর দাবি, গতকাল তিনি ১২টা ৫৭ মিনিটে রাজ্যসভায় এসেছিলেন। ১টার সময় সংসদের ক্যান্টিনে যান। সেখানে দুপুর দেড়টা পর্যন্ত ছিলেন। অভিষেক মনু সিংভির দাবি, তাঁর পকেটে একটি মাত্র ৫০০ টাকার নোট ছিল।

কত টাকা উদ্ধার হয়েছে, সে বিষয়ে জানা না গেলেও, টাকা উদ্ধারের বিষয়টি নিয়ে আজ তুমুল শোরগোল পড়ে যায় রাজ্যসভায়। একদিকে বিজেপি যেমন কংগ্রেস সাংসদের সিটের নীচ থেকে টাকা উদ্ধার নিয়ে সুর চড়িয়েছে। সেখানেই কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে প্রশ্ন তুলেছেন যে তদন্ত শুরু হওয়ার আগেই কেন কংগ্রেস সাংসদের নাম সামনে আনা হল। অভিষেক মনু সিংভিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us