Indian Film Industry: বাড়বে স্ক্রিনের সংখ্যা, ভারতীয় সিনে জগতের ভোল বদলাতে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র

Ministry of Information and Broadcasting Meeting: উচ্চপর্যায়ের বৈঠকে গঠন করা হয়েছে একটি কমিটি। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিশিষ্ট গীতিকার ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশীকে। মিটিতে চলচ্চিত্র জগতের বিশেষজ্ঞ এবং প্রযুক্তি জগতের প্রতিনিধিরাও থাকবেন। ভারতীয় চলচ্চিত্র শিল্পের উন্নতিতে বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জেনে নেওয়া যাক

Indian Film Industry: বাড়বে স্ক্রিনের সংখ্যা, ভারতীয় সিনে জগতের ভোল বদলাতে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র
অশ্বিনী বৈষ্ণবImage Credit source: Tv9 Bangla

Jun 30, 2026 | 11:24 AM

নয়া দিল্লি: বাড়বে সিনেমা স্ক্রিনের (Indian Movie Screen) সংখ্যা। তৈরি হবে স্টাডি গ্রুপ। সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হবে। ভারতীয় চলচ্চিত্র শিল্পের (Indian Film Industry) বিকাশে বড় পদক্ষেপ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের। দেশজুড়ে সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি, দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই ভারতীয় চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরি করা হয়েছে।

পিআইবি-র তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবারের উচ্চপর্যায়ের বৈঠকে গঠন করা হয়েছে একটি কমিটি। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিশিষ্ট গীতিকার ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশীকে। মিটিতে চলচ্চিত্র জগতের বিশেষজ্ঞ এবং প্রযুক্তি জগতের প্রতিনিধিরাও থাকবেন। ভারতীয় চলচ্চিত্র শিল্পের উন্নতিতে বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জেনে নেওয়া যাক

উচ্চপর্যায়ের স্টাডি গ্রুপ

ভারতীয় চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরি করতে একটি উচ্চপর্যায়ের স্টাডি গ্রুপ গঠন করেছে কেন্দ্র। এই স্টাডি গ্রুপের কাজ হবে সুযোগ ও চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখা। সেইসঙ্গে আন্তর্জাতিক বাজারে ভারতীয় সিনেমাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপেরও প্রস্তাব দেবে এই স্টাডি গ্রুপ।

স্টাডি গ্রুপের কাজ কী কী হবে, দেখে নিন একনজরে

  • কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ভার্চুয়াল প্রোডাকশন-সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কীভাবে এই আধুনিক প্রযুক্তিকে ভারতীয় সিনেমায় ব্যবহার করা যায়, তার পরামর্শ দেবে এই স্টাডি গ্রুপ।
  • চলচ্চিত্র নির্মাণের জন্য বাজার থেকে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করা।
  • প্রযোজনার ক্ষেত্রে অর্থ সংগ্রহে নির্মাতাদের সমস্যার সমাধানের পথ বের করতে হবে।
  • ভারতের বিভিন্ন রাজ্য সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এই গ্রুপ। পাশাপাশি, ভারতীয় চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদি বিকাশের জন্য একটি পূর্ণাঙ্গ নীতিগত কাঠামো তৈরির সুপারিশ করবে।

দেশজুড়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে আগামী তিন মাসের মধ্যে এই কমিটি তাদের রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জমা দেবে।

রাজ্যগুলির জন্য মডেল সিনেমা বিধি

সিনেমা হল ও থিয়েটারের নিয়ন্ত্রণ সাধারণ রাজ্য সরকারের হাতেই থাকে। সেক্ষেত্রে, বিভিন্ন রাজ্যে অনুমোদনের নিয়মও আলাদা। কেন্দ্রের মতে, এই আলাদা নিয়মকানুন বিশেষ করে ছোট শহর ও গ্রামীণ এলাকায় নতুন সিনেমা হল গড়ে তোলার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা দূর করতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে একটি মডেল স্টেট সিনেমা রেগুলেশনস তৈরি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ইতিমধ্যেই এই খসড়া সমস্ত রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। আর তা কার্যকর করার অনুরোধও জানানো হয়েছে। রাজ্যগুলিকে প্রয়োজনীয় সহযোগিতাও করবে কেন্দ্র। সরকারের আশা, এই দুটি সিদ্ধান্ত ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আরও আধুনিক, শক্তিশালী এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতামূলক করে তুলবে।

Follow Us