Bengal DA Case Hearing: ‘আপাতত জুলাই মাস পর্যন্ত…’, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে DA আন্দোলনকারীদের বৈঠকের আগেই সুপ্রিম কোর্টে বড় আপডেট

Supreme Court DA Hearing: কর্মচারী সংগঠনের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য আবেদন জানান, মামলা জুলাই মাস পর্যন্ত স্থগিত করা হোক। অন্তর্বর্তীকালীন সময়ে এই বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেন বিকাশ রঞ্জন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।

Bengal DA Case Hearing: আপাতত জুলাই মাস পর্যন্ত..., নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে DA আন্দোলনকারীদের বৈঠকের আগেই সুপ্রিম কোর্টে বড় আপডেট
সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 27, 2026 | 2:51 PM

নয়া দিল্লি:  রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মামলার শুনানি আপাতত স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে। আগামী ৩০ মে কর্মচারী সংগঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সুপ্রিম কোর্টে  সে কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। কর্মচারী সংগঠনের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য আবেদন জানান, মামলা জুলাই মাস পর্যন্ত স্থগিত করা হোক। অন্তর্বর্তীকালীন সময়ে এই বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেন বিকাশ রঞ্জন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।

তবে এক্ষেত্রে উল্লেখ্য, ৩০ মে কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু পরবর্তীতে নির্ধারিত দিন পরিবর্তিত হয়। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে DA মামলাকারী সংগঠনগুলির পূর্ব নির্ধারিত আলোচনার দিন পরিবর্তিত হয়ে আগামী ১লা জুন বিকাল ৫টায় স্থির হয়েছে। আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সকলের বকেয়া DA সংক্রান্ত সমস্যার সমাধান করবেন।”

প্রসঙ্গত, যাঁরা ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে আইনি লড়াই করছিলেন, রাস্তায় থেকেছেন, মূলত তাঁদের নেতৃত্বের সঙ্গে বৈঠকে ডেকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। কীভাবে আইনি লড়াইকে পাশে রেখে রাজ্য সরকারি কর্মচারীদের দাবিদাওয়া দ্রুত পূরণ যায়, সেই বিষয়ে বর্তমান রাজ্য সরকার সচেষ্ট। ইতিমধ্যেই সপ্তম পে কমিশন ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে ডিএ নিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকে কোনও আলোচনা হয়নি, পরবর্তী ক্যাবিনেট বৈঠকে আলোচনা হবে বলেও আশ্বস্ত করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

বকেয়া ডিএ মেটানোর নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দিয়েছিল, রাজ্যকে অবিলম্বে বকেয়া ডিএ-র প্রথম কিস্তি অর্থাৎ ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ কীভাবে মেটানো হবে, তা ঠিক করার জন্য একটি চার সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছিল। কিন্তু নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া পুরনো ডিএ-এর ২৫ শতাংশ মেটায়নি রাজ্য। তা নিয়ে ফের জল গড়ায় সুপ্রিম কোর্টে।

Follow Us