
নয়া দিল্লি: দূষণ রুখতে সরকারের বড় সিদ্ধান্ত। নিষিদ্ধ করা হবে নতুন গাড়ির রেজিস্ট্রেশন। নতুন করে পেট্রোল, ডিজেল ও সিএনজি চালিত গাড়ির রেজিস্ট্রেশন আর দেওয়া হবে না। আজ, বৃহস্পতিবার এই ঘোষণা করে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।
শীতকালে দিল্লি-এনসিআর কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়। ভয়ঙ্কর বায়ু দূষণে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন প্রতি বছর। সরকারের তরফে দূষণ রুখতে নানা প্রচেষ্টা করা হলেও, দীর্ঘমেয়াদী কোনও সমাধান পাওয়া যায়নি। এবার দিল্লিতে দূষণ রোধে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) বড় সিদ্ধান্ত নিল। দিল্লি ও সংলগ্ন এলাকায় নতুন পেট্রোল, ডিজেল ও সিএনজি লাইট গুডস ভেহিকেলে দফায় দফায় রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে।
এই পরিকল্পনায় প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এন১ ক্যাটেগরির এলজিভি গাড়ি, যেগুলির ওজন ৩.৫ টন পর্যন্ত, সেগুলির রেজিস্ট্রেশন বাতিল করা হবে। দিল্লির পাশাপাশি গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপত, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরেও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে ২০২৭ সালের ১ জুলাই থেকে।
এরপরে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে বাকি এনসিআর অঞ্চলেও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এন১ এলজিভি গাড়ির রেজিস্ট্রেশন নিষিদ্ধ করা হবে। তবে সিএনজি ও ইলেকট্রিক গাড়ি চলবে।
ইলেকট্রিক গাড়ির উপরে জোর দিতে এবং বায়ুদূষণ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। পেট্রোল, ডিজেল গাড়ি থেকে ব্যাপক দূষণ হয় , বাতাসে পিএম ২.৫ কণা মিশে যায়। সিএনজি গাড়িতে তুলনামূলকভাবে কম দূষণ হলেও, এটি নাইট্রোজেন অক্সাইড উৎপাদন করে, যা দূষণ সৃষ্টি করে।
এন২ ক্যাটেগরির বড় গাড়ি নিষিদ্ধ করা নিয়েও পরিকল্পনা রয়েছে। দিল্লিতে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে পেট্রোল, ডিজেল ও সিএনজি গাড়ির রেজিস্ট্রেশন নিষিদ্ধ করা হবে। ২০২৮ সালের জুলাই মাস থেকে তা গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপত, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরেও কার্যকর হবে। ২০২৯ সালের ১ জানুয়ারি থেকে বাকি এনসিআর অঞ্চলেও নতুন পেট্রোল ও ডিজেল গাড়ির রেজিস্ট্রেশন নিষিদ্ধ করা হবে।