Parliament Special session: এককাট্টা বিরোধীরা, মহিলা সংরক্ষণে সংবিধান সংশোধনী বিল ‘ব্যর্থ’ লোকসভায়

Delimitation bill failed the floor test: লোকসভা ও রাজ্যগুলির বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয় বিলে। এদিন নিজের বক্তব্য বিরোধীদের নিশানা করে অমিত শাহ বলেন, "মহিলাদের সংরক্ষণ নিয়ে কেউ বিরোধিতা করছেন না। কিন্তু, যদি আমরা গভীরভাবে দেখি, তাহলে দেখব, INDI জোটের সব সদস্য যদি ও কিন্তুর কথা বলে বিলটির বিরোধিতা করছে।"

Parliament Special session: এককাট্টা বিরোধীরা, মহিলা সংরক্ষণে সংবিধান সংশোধনী বিল ব্যর্থ লোকসভায়
দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেল না কেন্দ্রImage Credit source: PTI

Apr 17, 2026 | 8:50 PM

নয়াদিল্লি: দেশজুড়ে লোকসভার আসন পুনর্বিন্যাস বিল নিয়ে ধাক্কা খেল কেন্দ্র। মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল নিয়ে শুক্রবার লোকসভায় ভোটাভুটিতে দুই-তৃতীয়াংশ ভোট পেল না নরেন্দ্র মোদীর সরকার। এদিন বিলের পক্ষে ভোট পড়ল ২৯৮টি। বিপক্ষে ভোট পড়ল ২৩০টি। মোট ভোট পড়েছে ৫২৮টি। ফলে বিলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ করাতে ব্যর্থ হল সরকার। লোকসভার স্পিকার ফলাফল জানানোর পরই বিরোধী শিবিরে উচ্ছ্বাস দেখা যায়।

মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্য়াস বিল নিয়ে বিতর্কে এদিন লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “যাঁরা আসন পুনর্বিন্য়াসের বিরোধিতা করছেন, তাঁরা আসলে এসসি ও এসটি আসন বৃদ্ধির বিরোধিতা করছেন।” এদিন ভোটদানের জন্য লোকসভায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন লোকসভায় নিজের বক্তব্যে অমিত শাহ বলেছিলেন, “কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, তামিলনাড়ু এবং কেরল-এই পাঁচটি রাজ্যে দেশের ৫৪৩টি আসনের মধ্যে রয়েছে ১২৯টি আসন। যা ২৩.৭৬ শতাংশ। আসন পুনর্বিন্যাসের পর যখন দেশের মোট আসন ৮১৬ হবে, এই পাঁচ রাজ্যে আসন সংখ্যা হবে ১৯৫। অর্থাৎ ২৩.৮৭ শতাংশ। ফলে কোনও ক্ষতি হবে না।” লোকসভা ও রাজ্যগুলির বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয় বিলে। এদিন নিজের বক্তব্য বিরোধীদের নিশানা করে অমিত শাহ বলেন, “মহিলাদের সংরক্ষণ নিয়ে কেউ বিরোধিতা করছেন না। কিন্তু, যদি আমরা গভীরভাবে দেখি, তাহলে দেখব, INDI জোটের সব সদস্য যদি ও কিন্তুর কথা বলে বিলটির বিরোধিতা করছে।” একইসঙ্গে বিরোধীদের আবেদন করে তিনি বলেন, “ভরসা রাখুন, বিল পাশ হতে দিন।”

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁরা মহিলাদের সংরক্ষণ বিলের বিরোধী নন। কিন্তু, আসন পুনর্বিন্যাসের সঙ্গে এই বিলটি জুড়ে দেওয়ার বিপক্ষে। এদিন তৃণমূলের একুশ জন সাংসদ লোকসভায় উপস্থিত ছিলেন। সূত্রের খবর, এদিন লোকসভায় ভোটাভুটির পর তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোটাভুটিতে তৃণমূল সাংসদদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। বেশ কিছুক্ষণ কথা হয় দুই নেতার।

Follow Us