
নয়া দিল্লি: কেন্দ্রের বিরাট সিদ্ধান্ত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)-কে করা হচ্ছে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত। দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব থাকবে বাংলার ছেলের কাঁধে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রের এই বড় ঘোষণা।
বারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। তাঁকে বাংলাদেশের অ্যাম্বাসডর করে পাঠানোর সিদ্ধান্তের ঘোষণা করেছে কেন্দ্র। ইউপিএ জমানায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে তিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীও ছিলেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন। ওই বছরই মার্চ মাসে তিনি বিজেপিতে যোগ দেন। এবার কেন্দ্রীয় সরকার তাঁকে বড় দায়িত্ব দিল।
দীর্ঘ সময় বাদে প্রতিবেশী দেশে কোনও রাজনৈতিক প্রতিনিধিকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হল। তিনি প্রণয় ভর্মার জায়গায় এই দায়িত্ব পাচ্ছেন। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতকে এবার ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত ঘোষণা করা হয়েছে।
হাসিনা সরকারের পতন ও ইউনূস জমানায় ভারত-বাংলাদেশের সম্পর্কে অবনতি হলেও, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার গঠন হওয়ার পর সেই সম্পর্ক আবার ধীরে ধীরে জোড়া লাগছে। সেখানে প্রাক্তন রেলমন্ত্রীকে ভারতের রাষ্ট্রদূত হিসাবে পাঠানো গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। সাধারণত বিদেশ মন্ত্রকের তরফেই কোনও কূটনীতিককে এই ধরনের পদে নিয়োগ করা হয়। তবে বিশেষজ্ঞদের মতে, দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত পদে নিয়োগ করে কেন্দ্র স্পষ্ট করে দিল যে আঞ্চলিক সুরক্ষা ও স্থিতাবস্থা বজায় রাখতে সরকার অভিজ্ঞ ও প্রভাবশালীদের নিয়োগ করছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আবার আগের মতো করার প্রচেষ্টাও এটি। সম্প্রতিই দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে পারস্পরিক সম্পর্ক মজবুত করার কথাই বলা হয়েছিল।