
রোহতক: বয়স সবে ২২। কিন্তু কংগ্রেস করার সুবাদে রাজ্য এমনকি কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে বেশ আলাপচারিতা ছিল তাঁর। শনিবার হরিয়ানা রোহতকে একটি বাসস্ট্যান্ডে পরিত্যক্ত স্যুটকেস থেকে উদ্ধার হল সেই যুবতী কংগ্রেস কর্মীরই দেহ। যা ঘিরে আপাতত হরিয়ানার অন্দরে বেড়েছে চাপান-উতোর।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় রোহতকের সম্পলা বাসস্ট্যান্ডে সেই পরিত্যক্ত স্যুটকেসটি নজরে আসা নিত্যযাত্রীদের। তখনই সন্দেহের বশে খবর দেওয়া পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে সেই স্য়ুটকেসটি খুলতে অবাক কাণ্ড। বেরিয়ে আসে কংগ্রেস কর্মী হিমানি নরওয়ালের মৃতদেহ।
ইতিমধ্য়ে স্য়ুটকেসটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই যুবতীকে। আপাতত ময়নাতদন্তের পাঠানো হয়েছে সেই মহিলার মৃতদেহ। দলীয় কর্মীর ‘খুনের’ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।
শেষ ২৮ ফেব্রুয়ারিও নিজের সমাজমাধ্যমে একটি অনুষ্ঠানে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন হিমানি। পুলিশের অনুমান, তারপর দিন অর্থাৎ ১ তারিখ হয়তো খুন হন যুবতী। সূত্রের খবর, সাধারণ দলীয় কর্মী হলেও কংগ্রেসের নেতৃত্ব স্তরের ব্যক্তিত্বদের সঙ্গে আলাপচারিতা ছিল এই মৃত যুবতীর। লোকসভা ভোটের আগে যখন গোটা দেশজুড়ে ‘ভারত জড়ো যাত্রা’য় পথে নেমেছিলেন রাহুল গান্ধী। সেই সময়ও তাঁর পাশে হিমানিকে হাঁটতে দেখেন বহু মানুষ।
এমনকি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডার ছেলে দিপেন্দর সিং হুডার সঙ্গেও নিজের সমাজমাধ্যমে এককালে ছবি পোস্ট করেছেন হিমানি। যুবতীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সোশ্য়াল মিডিয়া সরব হয়েছে সেই হুডা পরিবারও। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী কমিটি গঠনেরও দাবি করেছে তাঁরা।