NEET Re-Examination Mock Drill: আকাশে বায়ুসেনার কপ্টার, রাস্তায় প্যারামিলিটারি, আজ দেশজুড়ে মক ড্রিল, কীসের এত তোড়জোড়?

NEET exam security arrangements: দুই থেকে আড়াই লাখ পুলিশ পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া প্রায় ১৫ হাজার প্যারামিলিটারি বাহিনী প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে আনা এবং পরীক্ষা হয়ে যাওয়ার পর উত্তরপত্র নিয়ে যাওয়ার দায়িত্বে থাকবে। বায়ুসেনার বিমান ও হেলিকপ্টারে করে প্রশ্নপত্র আনা হবে।

NEET Re-Examination Mock Drill: আকাশে বায়ুসেনার কপ্টার, রাস্তায় প্যারামিলিটারি, আজ দেশজুড়ে মক ড্রিল, কীসের এত তোড়জোড়?
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

Jun 20, 2026 | 10:31 AM

নয়া দিল্লি: দেশের নাগরিকদের জীবন যাদের হাতে নির্ভর করবে, তাদের ভবিষ্য়তই অনিশ্চিত। বারে বারে ফাঁস হয়ে যাচ্ছে ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পত্র- নিট-ইউজি (NEET-UG)-র প্রশ্নপত্র। এই বছরও নিট পরীক্ষা হওয়ার পরই জানা যায় যে ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্নপত্র। লাখ লাখ টাকায় তা বিক্রি হয়েছে। বাধ্য হয়ে সরকার পরীক্ষা বাতিল করে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) আগামিকাল, ২১ জুন নিটের পুনরায় পরীক্ষার ব্যবস্থা করেছে। তার আগেই আজ, শনিবার রাজ্যে রাজ্যে হবে মক ড্রিল (Mock Drill)। 

ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ দেশজুড়ে নিট পরীক্ষার জন্য মক ড্রিল চালাবে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মক ড্রিল হবে। পুরো মাত্রায় রিহার্সাল হবে নিট পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে। পরীক্ষার প্রতিটি ধাপ অর্থাৎ প্রশ্নপত্র ডেলিভারি থেকে শুরু করে উত্তরপত্র নিয়ে যাওয়া- সবটাই একবার অনুশীলন করে নেওয়া হবে যাতে আগামিকালের পরীক্ষায় কোনও ভুল-ত্রুটি না থাকে এবং প্রশ্নপত্র ফাঁস না হয়।

কড়া নিরাপত্তা-

দেশে মোট ৫৫০০টি পরীক্ষাকেন্দ্র বাছাই করা হয়েছে নিট-ইউজির পরীক্ষার জন্য। এগুলিকে হাই-সিকিউরিটি জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। ত্রী-স্তরীয় নিরাপত্তা থাকবে পরীক্ষা কেন্দ্রগুলিতে। জেলা প্রশাসন যেমন নিরাপত্তার ব্যবস্থা করবে, তেমনই রাজ্য পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনীও পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে।

প্রশ্নপত্র আনবে বায়ুসেনা-

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, দুই থেকে আড়াই লাখ পুলিশ পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া প্রায় ১৫ হাজার প্যারামিলিটারি বাহিনী প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে আনা এবং পরীক্ষা হয়ে যাওয়ার পর উত্তরপত্র নিয়ে যাওয়ার দায়িত্বে থাকবে। বায়ুসেনার বিমান ও হেলিকপ্টারে করে প্রশ্নপত্র আনা হবে।

নজরদারির জন্য দেড় লক্ষ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পরীক্ষাকেন্দ্রে ১৫ হাজার সিগন্যাল জ্যামার-ও লাগানো হয়েছে। সমস্ত পরীক্ষাকেন্দ্রে নজরদারি চালানো হবে এনটিএ-র হেডকোয়ার্টার থেকে। আলাদাভাবে কন্ট্রোল রুমও তৈরি করা হয়েছে।

কতজন পরীক্ষা দেবেন? 

মে মাসের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর আগামিকাল, ২১ জুন দেশের মোট ২২.৮ লক্ষ পরীক্ষার্থী পুনরায় নিট পরীক্ষায় বসতে চলেছে। ইতিমধ্যেই ১৮.৫ লক্ষ পরীক্ষার্থী নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে। সাড়ে তিন লাখ পড়ুয়া তাদের পরীক্ষা কেন্দ্র বা শহর বদল করেছে। মোট ৫৫১টি শহরে ও ১৪টি আন্তর্জাতিক লোকেশনে পরীক্ষা হবে।

পশ্চিমবঙ্গ, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্য প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, বিহার ও ছত্তীসগঢ়ে নিট পরীক্ষার্থীদের জন্য যাতায়াতে বিশেষ সুবিধার ঘোষণা  করা হয়েছে।

Follow Us