
নয়া দিল্লি: আর ফ্রি থাকছে না ইউপিআই (UPI) ট্রানজাকশন। গত কয়েক বছরে দেশ জুড়ে লেনদেনের মাধ্যম হিসেবে প্রবল জনপ্রিয়তা পেয়েছে ইউপিআই। ছোট থেকে বড় সব লেনদেনের ক্ষেত্রেই এই মাধ্যম ব্যবহার করে থাকেন ক্রেতা বা ব্যবসায়ীরা। কিন্তু এবার আর বিনামূল্যে কোনও লেনদেন হবে না। ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে কত টাকা চার্জ লাগবে, সেটা ঘোষণা করে দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NCPI)।
সম্প্রতি সংসদে ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই ইউপিআই লেনদেনে অতিরিক্ত চার্জ বসানো নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এবার স্থির করা হল যে ঠিক কত টাকা লাগবে।
আগামী ১৫ অক্টোবর থেকে চালু হবে নতুন নিয়ম। মঙ্গলবার ঘোষণা করা হল, ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ০.০৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেটে চার্জ দিতে হবে। তবে ক্রেতারা বিনামূল্যেই ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করতে পারবেন, ফি দিতে হবে ব্যবসায়ীদের।
ধার্য করা রেট অনুযায়ী, ৩০০০ টাকার বেশি লেনদেনে ১২ টাকা দিতে হবে চার্জ। ৭৫ হাজার টাকার উপরে লেনদেনে দিতে হবে ৩০০ টাকা। সর্বাধিক ৩০০ টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। ব্যবসায়ীরা লেনদেনের জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ককে ওই চার্জ দেবেন, এর জন্য ক্রেতাদের কাছ থেকে কিছু নেবেন না। এছাড়া পার্সন টু পার্সন ট্রানজাকশন অর্থাৎ দুজন ব্যক্তির মধ্য়ে লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না।
আরও জানানো হয়েছে যে, কোনও ইউপিআই অ্য়াপ প্রোভাইডারও কোনও প্লাটফর্ম ফি বা অন্য কোনও চার্জ নিতে পারবে না। কিছু কিছু ক্ষেত্রে ০.৪ শতাংশ হারের হিসেব হবে না। রেলওয়ে, টেলিকম, বিমা, জ্বালানির মতো ক্ষেত্রগুলিতে ২০০০ টাকার উপরে লেনদেন করতে গেলে ৫ টাকা করে চার্জ দিতে হবে।