
নয়াদিল্লি: আন্তর্জাতিক নারী দিবস। আর এই নারী দিবসে বিভিন্ন ক্ষেত্রের মহিলারা তাঁদের লড়াইয়ের কাহিনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডলে। তেমনই একজন বিহারের নালন্দা জেলার অনন্তপুর গ্রামের অনীতা দেবী। কীভাবে তিনি স্টার্টআপ শুরু করলেন, সেই কাহিনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডলে।
অনীতা দেবী বলেন, ছোটবেলা থেকে অনেক লড়াই করে বড় হয়েছেন তিনি। কিন্তু, সবসময় নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন। নিজে কিছু করার কথা ভাবতেন। আর সেই ভাবনা থেকেই ২০১৬ সালে মাধোপুর ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন। এই কোম্পানি খুলে শুধু তিনি একা নিজের পায়ে দাঁড়াননি। এখন বহু মহিলা তাঁর কোম্পানিতে কাজ করেন।
প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ” সেইসময় স্টার্টআপের ক্রেজ ক্রমশ বাড়ছিল। বছর নয়েক আগে তাই আমিও একটি কোম্পানি খুললাম।”
তাঁর কোম্পানিতে মাশরুম তৈরি করা হয়। আর তাঁর কোম্পানিতে এই মাশরুম তৈরি করেই আশপাশের বহু মহিলা আত্মনির্ভর হয়ে উঠেছেন। এখানেই থেমে থাকেননি অনীতা দেবী। এখন তাঁর কোম্পানি কম দামে সার, বীজ কৃষকদের সরবরাহ করে।
অনীতা দেবীর এই পথচলায় বিহার সরকারের জীবিকা প্রকল্প ও ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন সাহায্যের হাত বাড়িয়েছে। অনীতা দেবী জানান, মাশরুম উৎপাদনের প্রশিক্ষণ নেন তিনি। তাঁর হাত ধরেই মাশরুম চাষে এগিয়ে আসেন বহু মহিলা। অনীতা দেবীর স্বপ্ন, তাঁর গ্রামের প্রত্যেক মহিলা স্বনির্ভর হোক। তিনি বলেন, প্রত্যেক মহিলার স্বনির্ভর হওয়া উচিত। এবং নিজের ও পরিবারের জীবন বদলাতে কাজ করা দরকার।
मैं अनीता देवी, नालंदा जिले के अनन्तपुर गांव की रहने वाली हूं। मैंने जीवन में बड़े संघर्ष देखे हैं। लेकिन मेरा हमेशा से मन था, अपने दम पर कुछ करने का। 2016 में मैंने खुद स्वरोजगार करने का निर्णय लिया था। उसी दौर में स्टार्ट-अप्स का इतना क्रेज बढ़ गया था। इसलिए 9 साल पहले मैंने भी… pic.twitter.com/DFrQ8sDJd2
— Narendra Modi (@narendramodi) March 8, 2025
মহিলারা যে স্বনির্ভর হতে পারবেন, এই আত্মবিশ্বাস রয়েছে অনীতা দেবীর। তিনি বলেন, “যদি আমি এটা করতে পারি, তাহলে আপনিও পারবেন। আমি বিশ্বাস করি, যদি আমি একাজ করতে পারি, তাহলে যেকেউ করতে পারবেন। দেশের সমস্ত বোনের কাছে আমার বার্তা, তাঁদের সবার আত্মনির্ভর হওয়া উচিত। নিজের এবং পরিবারের জীবন বদলাতে কাজ করা দরকার। যদি নিজের লক্ষ্য স্থির থাকেন এবং সেই লক্ষ্যে পৌঁছতে কঠোর পরিশ্রম করেন, তাহলে পৃথিবীর কোনও শক্তি আপনাকে আটকাতে পারবে না।”