
নয়া দিল্লি: বোর্ডিং পাসের নিয়মে আসছে বড় বদল। তবে, তা আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার থেকে ভারতের কোনও আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য আর বাধ্যতামূলকভাবে প্রিন্ট করা বোর্ডিং পাস সঙ্গে রাখতে হবে না। এমনকী, ইমিগ্রেশন কাউন্টারে বোর্ডিং পাসে স্ট্যাম্পও করাতে হবে না। ই-বোর্ডিং পাস দেখিয়েই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করানো যাবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন নিয়ম কার্যকর হবে। এক সর্বভারতীয় সংস্থার রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।
বর্তমানে ভারত থেকে আন্তর্জাতিক বিমানে বিদেশে যাওয়ার সময় যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টারে ফিজ়িক্যাল বা প্রিন্ট করা বোর্ডিং পাস দেখাতে হয়। সেই বোর্ডিং পাসে ইমিগ্রেশন আধিকারিকের স্ট্যাম্পও দেওয়া হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম তুলে দেওয়া হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা মোবাইল বা অন্য ডিজিটাল মাধ্যমে থাকা ই-বোর্ডিং পাস দেখিয়েই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করাতে পারবেন। ফলে শুধুমাত্র ইমিগ্রেশনের জন্য আর বোর্ডিং পাসের প্রিন্টআউট সঙ্গে রাখা বাধ্যতামূলক হবে না।
তবে, ফিজ়িক্যাল বোর্ডিং পাস সম্পূর্ণ বন্ধ হচ্ছে না। কোনও যাত্রী প্রিন্টি করা বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কাউন্টারে গেলে সেটিও গ্রহণ করা হবে। তবে, সেই বোর্ডিং পাসে আর ইমিগ্রেশন আধিকারিকের স্ট্যাম্প দেওয়া হবে না। অর্থাৎ, যাত্রী চাইলে ফিজিক্যাল বোর্ডিং পাস ব্যবহার করতে পারবেন, আবার ই-বোর্ডিং পাস দিয়েও ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
বর্তমান ব্যবস্থায় ফিজিক্যাল বোর্ডিং পাস বাধ্যতামূলক হওয়ায় অনেক ক্ষেত্রে যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হত। পাশাপাশি বোর্ডিং পাসে ভুল বা ঠিকমতো স্ট্যাম্প না পড়ার ঘটনাও সামনে এসেছে। সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লির ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার (FRRO) জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে এই পরিবর্তন কার্যকর হবে। নতুন নিয়ম সম্পর্কে বিমানবন্দরের কর্মীদেরও অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।নতুন ব্যবস্থা কার্যকর হলে যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে।