Ethanol Fuel: ইথানলে আপনার গাড়ির সমস্যা হচ্ছে? উপায় বাতলে দিলেন নিতিন গড়করী

Union Minister Nitin Gadkari: সাম্প্রতিককালে ইথানলের প্রয়োগ নিয়ে নানা মহলে নানা মত শোনা গিয়েছে। উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। যদিও মন্ত্রীর মতে, কোনও কিছুই কারও অগোচরে কিছু করা হয়নি। সবটাই হয়েছে স্বচ্ছভাবে। আর যদি আপনার গাড়ি গ্যারান্টি পিরিয়ডে থাকে তাহলে তো আর কোনও চিন্তাই নেই।

Ethanol Fuel: ইথানলে আপনার গাড়ির সমস্যা হচ্ছে? উপায় বাতলে দিলেন নিতিন গড়করী
প্রতীকী ছবি Image Credit source: Sanchit Khanna/HT via Getty Images

Jul 14, 2026 | 6:59 PM

কলকাতা: ইথানল নিয়ে উত্তাল দেশ। পক্ষে-বিপক্ষে উঠে আসছে নানা মত। যদিও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করীর সাফ কথা, ইথানল নিয়ে কোনও সমস্যাই নেই। এটা পুরোটাই পরিবেশবান্ধব গ্রিন ফুয়েল। এমনকী দরাজ সার্টিফিকেট দিয়ে তিনি বলছেন, “ইথালন নিয়ে কোনও অভিযোগই নেই। পরিবেশ দূষণেরও কোনও অভিযোগ আসেনি। ইথানল ১০০ শতাংশ গ্রিন ফুয়েল।” শুধু তাই নয়, কোনও সমস্যা হলে কীভাবে বিনা খরচাতেই তা মোকাবিলা করা সম্ভব সেই উপায়ও বাতলে দিলেন।  

এদিকে সাম্প্রতিককালে ইথানলের প্রয়োগ নিয়ে নানা মহলে নানা মত শোনা গিয়েছে। উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। যদিও মন্ত্রীর মতে, কোনও কিছুই কারও অগোচরে কিছু করা হয়নি। সবটাই হয়েছে স্বচ্ছভাবে। আর যদি আপনার গাড়ি গ্যারান্টি পিরিয়ডে থাকে তাহলে তো আর কোনও চিন্তাই নেই। কেন? সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মন্ত্রী বলছেন, “আপনার গাড়ি যদি গ্যারান্টি পিরিয়ডে তাকে, আপনার বিমা যদি সুরক্ষিত থাকে তাহলে কোনও চিন্তা নেই। কোনও সমস্যা হলে ডিলারের কাছে যান। আপনার গ্যারান্টিতে আপনার যা সমস্যা আছে সব দূর করা হবে। কোনও খরচ দিতে হবে না।”

আর যদি গ্যারান্টি পিরিয়ডে না থাকে তাহলেও নেই কোনও চিন্তা, পরিষ্কার বলছেন মন্ত্রী। এ ক্ষেত্রেও কী করতে হবে তাও বলে দিয়েছেন। তাঁর সাফ কথা, “গ্যারান্টি পিরিয়ডে না থাকলে সার্টিফিকেট নিয়ে এলে কোম্পানি নিজের  খরচে ঠিক করে দেবে। ইতিমধ্যেই তেল প্রস্তুতকারক সংস্থাগুলি বলেছে এর জন্য কোনও সমস্যা হলে তাঁরা ঠিক করে দেবে।”

প্রসঙ্গত, এতদিন পেট্রোলের সঙ্গে কখনও ২০ শতাংশ আবার কখনও ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল মিশিয়ে ব্যবহারের কথা শোনা গিয়েছে। কিন্তু গতমাসেই একেবারে ১০০ শতাংশ পর্যন্ত ইথানল ব্যবহারের কথা বলেছিলেন খোদ নিতিন গড়করীই। অর্থাৎ ১০০ শতাংশ পর্যন্ত ইথানল ব্যবহারে অনুমতি মিলেছে কেন্দ্রের তরফে। নিতিনবাবুর সাফ কথা, আগামীতে আর পেট্রোলের প্রয়োজনই হবে না। খুব শীঘ্রই রাস্তায় সম্পূর্ণ ইথানল চালিত গাড়ি চলবে। 

Follow Us