
কলকাতা: ঐতিহাসিক সাফল্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র। শুক্রবার, ৪ সেপ্টেম্বর ভোরে সফলভাবে উৎক্ষেপণ করা হয় GSLV-F17/EOS-05 মিশন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে ভোর ২টা ৫৫ মিনিটে উৎক্ষেপণ হয়।
এটি GSLV-এর ১৯তম উড়ান। ৫১.৭ মিটার উচ্চতার GSLV-F17 রকেটের ওজন ছিল প্রায় ৪২০.৫ টন। রকেটের প্রধান লক্ষ্য ছিল উন্নত ‘Earth Observation Satellite’—EOS-05-কে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়া। প্রায় ২,৩৬৭ কেজি ওজনের EOS-05 সফলভাবে নির্ধারিত ‘Sub-Geosynchronous Transfer Orbit’ (Sub-GTO)-এ স্থাপন করা হয়েছে।
উৎক্ষেপণের প্রায় ১৯ মিনিট পর রকেট থেকে উপগ্রহটি আলাদা হয়ে নির্ধারিত কক্ষপথে পৌঁছয়। EOS-05 বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ভূ-সমলয় কক্ষপথ (Geosynchronous Orbit) থেকে ছবি তোলার জন্য ভারতের প্রথম ইমেজিং উপগ্রহ।
প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতা থেকে পৃথিবীর নির্দিষ্ট অঞ্চল পর্যবেক্ষণের জন্য উপগ্রহটি তৈরি করা হয়েছে। EOS-05-এর মাধ্যমে পৃথিবী পর্যবেক্ষণ, পরিবেশ সংক্রান্ত নজরদারি, আবহাওয়া পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা-র মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণ ‘Earth Observation Satellite’-এর তুলনায় এর কক্ষপথগত অবস্থান একটি নির্দিষ্ট বিস্তৃত অঞ্চলের আরও ধারাবাহিক পর্যবেক্ষণের সুযোগ তৈরি করবে। এই সাফল্য ভারতের মহাকাশভিত্তিক ‘Earth Observation’ ও উন্নত ইমেজিং প্রযুক্তির ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ISRO-র চেয়ারম্যান ভি. নারায়ণন মিশনের সাফল্য ঘোষণা করে জানান, EOS-05 নির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপিত হয়েছে এবং উপগ্রহটি সুস্থ রয়েছে। ISRO-র পরবর্তী পর্যায়ে EOS-05-কে তার চূড়ান্ত ভূ-সমলয় কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য Orbit-Raising Manoeuvre করা হবে।