
পটনা: আর ভোট-কুশলী নয়, এবার সরাসরি ভোটের ময়দানে নেমেই লড়াই করবেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। জন সূরজ পার্টি(Jan Suraj Party)-র প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর, তবে তিনি গতবারের বিহার নির্বাচনে নিজে লড়েননি। জানিয়েছিলেন, তিনি ভোটের ময়দানে নামবেন না। তবে নিজেই নিজের কথা ভাঙলেন। ঘোষণা করলেন ভোটে লড়াইয়ের।
রবিবার, ৫ জুলাই সাংবাদিক বৈঠক করে জনসূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা করা হয়। জন সূরজের স্টেট প্রেসিডেন্ট মনোজ ভারতী ঘোষণা করেন যে আগামী ৩০ জুলাই বঙ্কিপুর বিধানসভা আসনের উপ-নির্বাচনে জন সূরজ পার্টির প্রতীকে লড়বেন পিকে। এই আসনটি বিজেপির শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত।
প্রসঙ্গত, এটিই প্রথম নির্বাচন হতে চলেছে প্রশান্ত কিশোরের। তিনি একাধিক বড় বড় রাজনৈতিক দলের জন্য ভোটের কৌশল তৈরি করা, তাদের নির্বাচনে জয় নিশ্চিত করলেও, নিজে কখনও নির্বাচনে লড়েননি। নিজের রাজনৈতিক দল তৈরি করলেও, নিজে ভোটে লড়েননি।
৩০ জুলাই উপ-নির্বাচন হবে। আগামী ৩ অগস্ট নির্বাচনের ফলাফল বের হবে। ১৩ জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। বঙ্কিপুর আসনটি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের ছিল। তিনি রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় এই আসনটি ফাঁকা রয়েছে। বিজেপি এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি।
প্রশান্ত কিশোর বলেছেন, “বঙ্কিপুরের মানুষরা বিহারের সবথেকে ধনী ও শিক্ষিত। তাদের সেরা প্রার্থীর জন্য ভোট দিক। যদি তারা আমার উপরে আস্থা রাখতে পারেন, তাহলে আমি অনুরোধ করব যে আমায় ভোট দিন। আমি আমার দলের একমাত্র বিধায়ক হিসাবেও বাকি ২৪২ জন বিধায়কের থেকে শক্তিশালী ও প্রভাবশালী হব।”
উল্লেখ্য, ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টি ২৩৮ আসনের মধ্যে ২৪৩টি আসনে লড়েছিল, কিন্তু একটি আসনেও জিততে পারেনি।