
নয়া দিল্লি: কে হবে অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ বা স্পিকার, তা নিয়ে এই মুহূর্তে দিল্লি সরগরম। এনডিএ আবারও ওম বিড়লাকেই মনোনীত করেছে। মঙ্গলবার মনোনয়নও জমা দিয়েছেন তিনি। তবে সহমত হতে না পেরে বিরোধীদের তরফে কেরলের কংগ্রেস সাংসদ কে সুরেশও মনোনয়ন দেন। তবে এখনও অবধি বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। ১. কে সুরেশ কি ইন্ডিয়া জোটের সর্বসম্মত ক্রমের প্রার্থী? নাকি শুধুই কংগ্রেস, ডিএমকে-এর সমর্থনের প্রার্থী? ২. এই প্রার্থী নিয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেসের কী মত।
সূত্রের খবর, প্রতিরক্ষামন্ত্রী ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্পিকার নির্বাচন নিয়েও এই ফোন বলে খবর। তবে সাধারণত কোনও বড় পদে নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের সৌজন্যমূলক ফোন করা হয়। সূত্রের খবর, মমতার কাছে ওম বিড়লার জন্য সমর্থন চান রাজনাথ।
একইসঙ্গে কংগ্রেসের কেসি বেণুগোপাল ও ডিএমকের টিআর বালুর সঙ্গেও কথা হয় রাজনাথ সিংয়ের। এমনও খবর, কেসি বেণুগোপাল, টিআর বালুর সঙ্গে তৃণমূলকেও বৈঠকে ডেকেছিলেন রাজনাথ সিং। তবে বৈঠকে যাননি তৃণমূলের কোনও নেতা। এরপরই রাজনাথ ফোন করেন মমতাকে। তবে রাজনাথ সিংয়ের বৈঠক থেকে কার্যত ‘ওয়াক আউট’ করেন বেণুগোপাল ও বালু। সূত্রের খবর, ওম বিড়লাকে প্রার্থী করা নিয়ে আগাম কোনও তথ্য বিরোধীদের দেওয়া হয়নি। এ নিয়ে একটা জট হয়ে রয়েছে।
যদিও রাহুল গান্ধীর বক্তব্য, তাঁরা সমস্ত বিরোধীদের সঙ্গে কথা বলেছেন। সকলেই বলেছিলেন, স্পিকার পদে সমর্থন তাঁদের থাকবে। তবে ডেপুটি স্পিকার বিরোধীদের শিবির থেকেই করতে হবে। তার কোনও জবাব আসেনি বলে দাবি রাহুলের। অন্যদিকে রাজনাথ সিং বলেন, প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে সম্মানীয়। গতকাল থেকে আজ অবধি তিনবার তাঁদের কথা হয়েছে।
তবে এই সবের মধ্যে মুহূর্তে দিল্লিতে মূলত চর্চার বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কী? দিল্লিতে তৃণমূলের সাংসদরা রয়েছেন ঠিকই, তবে এ নিয়ে এখনই কেউ মুখ খুলছেন না। বলা ভাল, এখনও এ সংক্রান্ত কোনও সদুত্তর তাঁদের কাছে নেই। সূত্রের দাবি, আজ মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ দিল্লিতে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দলের অন্যান্য সাংসদদের নিয়ে আলোচনায় বসছেন। এখানেই চূড়ান্ত হতে পারে আগামিকাল বুধবার স্পিকার নির্বাচনে বাংলার ২৯ সাংসদের ভোট কে পাবে।
এদিকে, তৃণমূলের দাবি, তাদের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। স্পিকার পদপ্রার্থী নিয়ে কংগ্রেসের এহেন একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল। কে সুরেশের মনোনয়নেও তৃণমূলের স্বাক্ষর নেই বলে সূত্রের খবর। মঙ্গলবার রাত ৮ টায় স্পিকার নির্বাচন নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে তৃণমূল যোগ দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।