
নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের পর এবার ২০ জন NCPI-সাংসদকে নোটিস ধরালেন লোকসভার স্পিকার। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে অ্যাকশন স্পিকার ওম বিড়লার। তৃণমূলের তরফে প্রকাশ করা হল চিঠির কপি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিনই পাঠানো হয় নোটিস। ২০ জন NCPI সাংসদকে ৭ দিনের ডেডলাইন দিয়েছেন স্পিকার।
মঙ্গলবার সলিসেটর জেনারেল তুষার মেহেতা প্রধান বিচারপতির এজলাসে জানান, স্পিকার অফিস থেকে তাঁকে জানানো হয়েছে, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে স্পিকার অফিস থেকে নোটিস ইস্যু করা হয়েছে। পরবর্তীতে TV9 বাংলার তরফ থেকে NCPI ও TMC সাংসদদের সঙ্গে যোগাযোগ করা হয়। তৃণমূলের সংসদীয় দলের তরফ থেকে বলা হয়, এরকম কোনও নোটিসের কথা তাঁরা জানেন না। বিকাল পর্যন্তও NCPI এর সাংসদদের তরফেও এই নিয়ে সদর্থক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি চিঠির কপি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, ২৫ সেপ্টেম্বর, অর্থাৎ যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে, সেই দিনই স্পিকার অফিস তৎপর হয়েছে। সেদিনই স্পিকার অফিস থেকে ২০ জন সাংসদের কাছে চিঠি গিয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাঁদের জবাব তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন অর্থাৎ দলত্যাগবিরোধী আইন মোতাবেক তাঁদের সদস্য পদ খারিজ করা হবে, তার প্রত্যুত্তরে ওই ২০ জন সাংসদের কী অবস্থান, তা ৭ দিনের মধ্যেই আলাদা আলাদা ভাবে জানাতে হবে তাঁকে।