
কর্নাটক: কোনও মহিলার দিকে শুধুমাত্র কুনজরে তাকানো যৌন হয়রানির যথেষ্ট কারণ বলে গণ্য হতে পারে না। কেউ কুনজরে তাকালেই প্রমাণ হয় না যে সে কোনও যৌন সুবিধা পাচ্ছে। সম্প্রতি এক মামলায় এমনই পর্যবেক্ষণ কর্নাটক হাইকোর্টের। যৌন হয়রানি এবং হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে হওয়া ফৌজদারি মামলা খারিজ করার সময় এই পর্যবেক্ষণ দেন বিচারপতি সুরজ গোবিন্দরাজ।
আদালতের পর্যবেক্ষণ, অভিযোগকারী মহিলা পরবর্তীতে যৌন হয়রানির বেশিরভাগ অভিযোগ অস্বীকার করেছেন। শেষ পর্যন্ত কেবল এই অভিযোগ রয়ে গিয়েছে যে অভিযুক্ত ব্যক্তি তাঁর দিকে কুনজরে তাকিয়েছিলেন। আদালত উল্লেখ করে, “এই অভিযোগটি থেকে এটা প্রমাণ হয় না যে ওই মহিলার থেকে অভিযুক্ত কোনও সেক্সুয়াল ফেভার নিতে চেয়েছিলেন।”
মূল অভিযোগে দাবি করা হয়েছিল যে, একটি আর্থিক সমস্যা মেটাতে অভিযোগকারী মহিলা অভিযুক্তের বাড়িতে গেলে অভিযুক্ত তাঁকে শারীরিক সম্পর্কের কথা বলেন। বিনিময়ে টাকা ও অন্যান্য সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও অভিযোগ। তবে, পুলিশের কাছে দেওয়া এক বিবৃতিতে অভিযোগকারী মহিলা এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর পরবর্তী বিবৃতিতে তিনি জানান যে, ওই ব্যক্তি কেবল তাঁর দিকে অনুচিতভাবে তাকিয়েছিলেন। মূল অভিযোগে মহিলা আরও দাবি করেছিলেন যে, টাকা ফেরত না দিলে অভিযুক্ত তাঁকে শারীরিকভাবে আঘাত করার হুমকি দিয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি এই অভিযোগও প্রত্যাহার করে নেন।
রায় দিয়ে আদালত উল্লেখ করে যে, “যৌন সুবিধার দাবি প্রমাণের জন্য তদন্তে অন্য কোনও তথ্য পাওয়া যায়নি।”