
ভোপাল: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্রাণ বাঁচাতে গিয়েই প্রাণ গেল যাত্রীদের। ট্রেনে আগুন লাগার আতঙ্ক, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীরা। এমনই দুর্ভাগ্য, সেই সময় পাশের ট্র্যাকে ট্রেন চলে আসে। ট্রেনে ধাক্কা লেগে মৃত্যু হল কমপক্ষে চারজন যাত্রীর। আহত আরও অনেকজন।
ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশে। রবিবার মধ্য প্রদেশের মোরেনা জেলায় হেতামপুর রেলস্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়ছে, ১৯৬৬৫ খাজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ হেতামপুর রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে যায়।
ট্রেনে আগুন লেগেছে, এই আতঙ্কে অনেকে ট্রেন থেকে পাশের ট্র্যাকে ঝাঁপ দেন। সেই সময়ই পাশের ট্র্যাকে একটি এক্সপ্রেস ট্রেন আসছিল। সেই ট্রেনের নীচে চাপা পড়েই বহু যাত্রীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের তরফে তদন্ত শুরু করা হয়েছে। উদ্ধারকাজও চলছে।
#WATCH | Morena, Madhya Pradesh: Four killed in an accident after passengers near the Hetampur–Gher section jumped onto the tracks and were hit by another passing train. pic.twitter.com/JDSLvnxX3j
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 14, 2026
প্রাথমিক তথ্য অনুযায়ী, খাজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে ইমার্জেন্সি চেইন টানা হয়েছিল। স্টেশনের আগেই ট্রেন দাঁড়িয়ে পড়ায় গুজব রটে যায় যে ট্রেনে আগুন লেগেছে। এই খবর চাউর হতেই ট্রেন থেকে নেমে গিয়েছিলেন কয়েকজন যাত্রী। সেই সময় আপ লাইনে আসছিল ফিরোজপুর-সেওনি পাতালকোট এক্সপ্রেস। নর্থ-সেন্ট্রাল রেলওয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ট্রেনের ধাক্কায় চারজন যাত্রীর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার খবর পেতেই রেল কর্তৃপক্ষ, রেলওয়ে প্রোকেটশন ফোর্স (RPF), গর্ভমেন্ট রেলওয়ে পুলিশ (GRP) ও স্থানীয় প্রশাসন আসে। উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্রেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল।