Abhishek Banerjee Harrased: ‘গভীর ষড়যন্ত্র, প্রতিহিংসার রাজনীতি বিজেপির’, অভিষেকের উপর হামলায় তীব্র নিন্দা মল্লিকার্জুন,অখিলেশদের

INDIA Alliance on Abhishek Banerjee: এক্স হ্যান্ডেলে তীব্র নিন্দা করে মল্লিকার্জুন খাড়্গে লেখেন, "সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানাই। তিনি রাজ্যে ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। একজন বিশিষ্ট নেতার জন্য ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা না করা বিজেপির প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতিরই পরিচয় বহন করে।"

Abhishek Banerjee Harrased: গভীর ষড়যন্ত্র, প্রতিহিংসার রাজনীতি বিজেপির, অভিষেকের উপর হামলায় তীব্র নিন্দা মল্লিকার্জুন,অখিলেশদের
খাড়্গে, অভিষেক ও অখিলেশ যাদবImage Credit source: Tv9 Bangla

May 30, 2026 | 7:30 PM

নয়া দিল্লি: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল-বিজেপি (TMC-BJP) তরজা তুঙ্গে। এবার এই ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি। সরব ইন্ডিয়া জোটের (INDIA) প্রতিনিধি দলও। অভিষেকের হামলার তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। ঘটনাকে বিজেপির প্রতিহিংসার রাজনীতি বলে দাবি করেছেন তাঁরা। এদিকে ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

কী বলেছেন মল্লিকার্জুন খাড়্গে?

এক্স হ্যান্ডেলে তীব্র নিন্দা করে মল্লিকার্জুন খাড়্গে লেখেন, “সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানাই। তিনি রাজ্যে ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। একজন বিশিষ্ট নেতার জন্য ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা না করা বিজেপির প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতিরই পরিচয় বহন করে।”

একইসঙ্গে মল্লিকার্জুন খাড়্গের দাবি, অভিষেকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লেখেন,” পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অবশ্যই সমস্ত বিরোধী দলের নেতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ধরনের হামলা প্রতিরোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য কখনওই কোনও ধরনের হিংসাকে সমর্থন করে না।”

ষড়যন্ত্রের ইঙ্গিত অখিলেশ যাদবের

অন্যদিকে, অখিলেশ যাদব লেখেন,”বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর প্রাণঘাতী হামলা করিয়ে বাংলার বিজেপি সরকার প্রমাণ করে দিল যে, বিজেপি ঘৃণা, নেতিবাচক ও হিংসাত্মক রাজনীতি ছাড়া আর কিছুই করতে পারে না। এত সংবেদনশীল পরিস্থিতিতেও পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না থাকা একটি বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়!”

প্রসঙ্গত, ৬ জুন বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, জোটের বৈঠক নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)-র মধ্যে কথা হয়েছে। বৈঠকে যোগ দিতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অভিষেকের উপর হামলার ঘটনায় জাতীয় রাজনৈতিক পারদ আরও চড়েছে। রাজনৈতিক মহল বলছে, এই ইস্যুকে কেন্দ্র করে বড় কোনও পদক্ষেপ করতে পারে ইন্ডিয়া জোট।

Follow Us