
নয়াদিল্লি: আবার গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করল দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি। সংস্থার তরফে জানানো হয়েছে আগস্ট ২০২৬ থেকে তাদের বিভিন্ন মডেলের গাড়ির দাম সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়বে। মাত্র কয়েক মাসের ব্যবধানে এটি দ্বিতীয়বার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল মারুতি। এর আগে চলতি বছরের জুন মাসেও দাম বৃদ্ধি করেছিল সুজুকি।
নিজেদের সংস্থার কাছে জমা দেওয়া নথিতে মারুতি সুজুকি জানিয়েছে, কাঁচামালের দাম বৃদ্ধি ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ার ফলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। সংস্থার দাবি, উৎপাদন খরচ কমাতে ও অভ্যন্তরীণ দক্ষতা বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও ক্রমবর্ধমান খরচ পুরোপুরি নিজেদের ওপর বহন করা সম্ভব হচ্ছে না। তাই অতিরিক্ত ব্যয়ের একটি অংশ গ্রাহকদের উপর চাপানো হচ্ছে। শুধু মারুতি নয়, সাম্প্রতিক সময়ে দেশের একাধিক গাড়ি প্রস্তুতকারক সংস্থাও একই পথে হাঁটছে। মাহিন্দ্রা, টাটা মোটরসের মতো কিছু সংস্থা তাদের গাড়ির দাম বাড়িয়েছে। মারুতি জানিয়েছে, তাদের সব মডেলের ক্ষেত্রে সমান হরে দাম বাড়বে না। কোন মডেল বা ভ্যারিয়েন্টের দাম কতটা বাড়বে, তা এখনও প্রকাশ করা হয়নি। ফলে যে গাড়িটি কেনার পরিকল্পনা করছেন, তার উপর নির্ভর করবে মূল্যবৃদ্ধির পরিমাণ। সংস্থাটি জানিয়েছে, নতুন দাম কার্যকর হওয়ার আগে যাঁরা গাড়ি বুক করবেন, তাঁরা ডিলারের শর্ত ও ডেলিভারির সময়সূচির ভিত্তিতে বর্তমান দামেই গাড়ি পেতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, মারুতি সুজুকির মতো দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানির এই সিদ্ধান্তের প্রভাব গোটা বাজারেই পড়তে পারে। বিশেষ করে, এন্ট্রি লেভেলের গাড়ির ক্রেতাদের পাশাপাশি প্রিমিয়াম সেগমেন্টের ক্রেতাদেরও বাড়তি খরচ করতে হবে। প্রতিযোগী সংস্থাগুলিও ইতিমধ্যেই দাম বাড়ানো শুরু করায়, আগামী দিনে গাড়ি কেনার খরচ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।