PM Modi Video Delete: প্রধানমন্ত্রীর পোস্টে থাকবে বিশেষ সুরক্ষা,আশ্বাস মেটা-র, ভিডিয়ো ডিলিট বিতর্কে কেন্দ্রকে জবাবদিহি সংস্থার

Meta on PM Modi Video Delete: সূত্রের খবর, এবার লিখিত আকারে মেটা জানিয়েছে,ভবিষ্যতে প্রধানমন্ত্রীর পোস্টে বিশেষ সুরক্ষা ব্যবস্থা চালু করা হবে। শুধু তাই নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ বা ‘প্রমিনেন্ট’ অ্যাকাউন্টের ক্ষেত্রেও অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হবে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, আগামী দিনে প্রধানমন্ত্রী মোদীর পোস্ট সংক্রান্ত কোনও সিদ্ধান্ত শুধুমাত্র মেটার সিনিয়র আধিকারিকরাই পর্যালোচনা করবেন।

PM Modi Video Delete: প্রধানমন্ত্রীর পোস্টে থাকবে বিশেষ সুরক্ষা,আশ্বাস মেটা-র, ভিডিয়ো ডিলিট বিতর্কে কেন্দ্রকে জবাবদিহি সংস্থার
প্রধানমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

Jul 30, 2026 | 10:28 AM

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ভিডিয়ো ডিলিটের (Modi Video Delete) ঘটনায় এবার কেন্দ্রকে লিখিত আকারে জবাবদিহি করল মেটা (Meta)। ঘটনায় আগেই ক্ষমা চেয়ে নিয়েছে সংস্থা। তবে, মেটার জবাবে সন্তুষ্ট না হওয়ায় সংস্থার শীর্ষ আধিকারিকদেরও তলব করা হয়েছিল। এবার লিখিত আকারে ক্ষমা চাইল মেটা। একইসঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে, ভবিষ্যতে এধরনের কোনও ঘটনা ঘটবে না। বিশেষ সুরক্ষা ব্যবস্থাও চালু করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

মোদীর ভিডিয়ো ডিলিট

গত বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৩ মিনিটের ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উদ্দেশে বার্তাও দেন। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ২৪ ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে ৩০৩ মিলিয়নেরও বেশি ভিউজ় হয়। বাড়ে ফলোয়ার্সের সংখ্যাও। কিন্তু, গত মঙ্গলবারই হঠাৎ খবর আসে, মোদীর সেই ভিডিয়ো ডিলিট হয়ে গিয়েছে। মেটার দাবি, ভুলবশত এটা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িকভাবে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডিলিট হয়ে গিয়েছিল।

কী জানিয়েছে মেটা?

সূত্রের খবর, এবার লিখিত আকারে মেটা জানিয়েছে,ভবিষ্যতে প্রধানমন্ত্রীর পোস্টে বিশেষ সুরক্ষা ব্যবস্থা চালু করা হবে। শুধু তাই নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ বা ‘প্রমিনেন্ট’ অ্যাকাউন্টের ক্ষেত্রেও অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হবে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, আগামী দিনে প্রধানমন্ত্রী মোদীর পোস্ট সংক্রান্ত কোনও সিদ্ধান্ত শুধুমাত্র মেটার সিনিয়র আধিকারিকরাই পর্যালোচনা করবেন। কোনও পোস্ট সরানো বা ব্লক করার আগে অন্তত দু’জন শীর্ষ আধিকারিকের অনুমোদন ও বিস্তারিত পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে।

সূত্রের দাবি, চলতি সপ্তাহেই মেটার প্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে কনটেন্ট নিয়ন্ত্রণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

মেটা ও কেন্দ্রের বক্তব্য

ভিডিয়ো ডিলিট হওয়ার পর মেটা এবং ইনস্টাগ্রামের শীর্ষ কর্তাদের তলব করেছিল কেন্দ্রীয় সরকার। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) স্পষ্ট জানিয়ে দেয়, মেটার ব্যাখ্যায় তারা সন্তুষ্ট নয়। এই বিষয়ে, মঙ্গলবার তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণন বলেন,”মেটা ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে ঠিকই, কিন্তু তাদের ব্যাখ্যা যথেষ্ট নয়। কীভাবে এই ঘটনা ঘটল এবং ভবিষ্যতে এমন ভুল এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্র।”

কেন্দ্রীয় সরকারের বক্তব্য, যদি AI-ভিত্তিক কনটেন্ট মডারেশন সিস্টেম প্রধানমন্ত্রীর সরকারি অ্যাকাউন্টের পোস্টও ভুল করে সরিয়ে দিতে পারে, তাহলে সেই প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে আর না হয়, সে বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তার রূপরেখা কী হবে, এই বিষয়ে মেটার কাছে জবাব চেয়েছে কেন্দ্র।

Loading...
Unable to load recommendations.
Follow Us