
নয়াদিল্লি: শিশু অধিকার রক্ষা নিয়ে ফের কড়া পদক্ষেপ করল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR)। ফের ভারতে মেটার প্রধান তথা ম্যানেজিং ডিরেক্টরকে তলব করল কমিশন। আজ (১৬ সেপ্টেম্বর) শুনানির দিন ধার্য করা হয়েছে। এবারের শুনানিতে ভারতে মেটার প্রধানকে উপস্থিত হতে হবে বলে কমিশন স্পষ্ট করে দিয়েছে। কারণ, গত ৯ সেপ্টেম্বরের শুনানিতে মেটার তরফে সংস্থার কয়েকজন শীর্ষ আধিকারিক উপস্থিত হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। যদিও মেটার আধিকারিকরা ম্যানেজিং ডিরেক্টরের অনুপস্থিতির কারণ জানিয়েছিলেন। এরপরই পরবর্তী শুনানিতে সংস্থার ভারতীয় প্রধানকে উপস্থিত থাকার নির্দেশ দেয় NCPCR।
গত ৩ জুলাই BBC Eye-র একটি প্রতিবেদনে শিশুদের যৌন নির্যাতন ও শোষণ সংক্রান্ত বেআইনি সামগ্রী (CSEAM)-এর বিজ্ঞাপন নিয়ে অভিযোগ প্রকাশিত হওয়ার পর স্বতঃপ্রণোদিত হয়ে মেটা প্ল্যাটফর্মকে নোটিস পাঠিয়েছিল NCPCR। এ বিষয়ে মেটার কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছিল। এক সপ্তাহের মধ্যে কমিশনের কাছে জবাব জমা দেয় মেটা। এরপরই গোটা ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয় NCPCR। সেই তদন্তেরই পরবর্তী পদক্ষেপ হিসেবে ভারতে মেটার প্রধানকে তলব করা হয়েছে।
CSEAM সংক্রান্ত এই মামলায় NCPCR-এর ধারাবাহিক পদক্ষেপের পর শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ সংক্রান্ত রিপোর্টিং নীতিতেও পরিবর্তন এনেছে মেটা। এখন থেকে এই ধরনের অভিযোগের ঘটনাগুলি ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)-এর কাছেও রিপোর্ট করা শুরু করেছে সংস্থাটি।
অন্যদিকে, বেঙ্গালুরুতে ক্যাপজেমিনি পরিচালিত একটি ডে-কেয়ার সেন্টারে শিশু নির্যাতনের অভিযোগের ঘটনাতেও পদক্ষেপ করেছে NCPCR। এই মামলায় আজ (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টেয় ক্যাপজেমিনির এক ভাইস প্রেসিডেন্টকে তলব করেছে কমিশন। গোটা ঘটনার তদন্ত করে কারও দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখবে NCPCR।