
নয়া দিল্লি: সংসদ উত্তাল নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে। কেন্দ্রকে লাগাতার আক্রমণ করছে বিরোধী সাংসদরা। তুমুল হই-হট্টগোলে অধিকাংশ সময় অধিবেশনই ভেস্তে যাচ্ছে। সবাই যখন আলোচনায় ব্যস্ত, সেই সময়ই এনসিপিআই সাংসদ সায়নী ঘোষ ব্যস্ত রিল বানাতে! তাঁর রিলস ভাইরাল হতেই তুমুল বিতর্ক, উঠল সমালোচনার ঝড়। নেটিজেনদের প্রশ্ন, রিলস বানাতেই কি সংসদে পাঠানো হয়েছে?
সংসদে চলছে বাদল অধিবেশন। সেখানে অংশ নিয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহ করে চলে আসা এনসিপিআই সাংসদরাও। এখনও স্বীকৃতি না মিললেও, সর্বদলীয় বৈঠক ও এনডিএ-র বৈঠকে অংশ নিচ্ছেন বিদ্রোহী ২০ সাংসদ। তার মাঝেই অন্য রূপে ধরা দিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ।
সাংসদের পাশাপাশি তিনি অভিনেত্রীও। সেই সত্ত্বা তিনি এখনও মুছে ফেলতে পারেননি। তাই সংসদে অধিবেশনের ফাঁকে, মধ্যাহ্নভোজের বিরতির সময় সংসদ চত্বরে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করার একটি রিলস পোস্ট করেন সায়নী ঘোষ। মঙ্গলবার এই রিলস পোস্ট হতেই ভাইরাল।
তাল সিনেমায় হরিহরণের ‘নেহি সামনে তু’ গানে ২০ সেকেন্ডের ওই রিলে ইতিমধ্যেই ৮.৭ মিলিয়ন অর্থাৎ ৮৭ লক্ষ ভিউ হয়ে গিয়েছে। পাঁচ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। রিলের ক্যাপশনে সায়নী লিখেছেন, “দূর তাক ছায়ে থে বাদল ঔর কাহি সায়া না থা, ইস তারাহ বারসাত কা মৌসম কাভি আয়া না থা”। সঙ্গে হ্যাশট্যাগ দেন #MonsoonSession #BarishBreakAtLunch।
তবে এই ভিডিয়ো পোস্ট করতেই নেটিজেনরা অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। সায়নীর ভিডিয়ো শেয়ার করে কেউ লিখেছেন, সংসদে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা চলছে, আর সাংসদ বাইরে বৃষ্টি উপভোগ করছেন। কেউ আবার প্রশ্ন করেছেন যে জনগণ কি এই জন্য ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে?