
নয়া দিল্লি: নিট প্রশ্নপত্র ফাঁস (NEET Paper Leak) নিয়ে উত্তাল সংসদ (Parliament)। কেন্দ্রকে ক্রমাগত এই ইস্যুতে আক্রমণ করছে বিরোধীরা (Opposition)। আজ সংসদ চত্বরে বিক্ষোভও দেখানো হচ্ছে। এই আবহে সরকারি সূত্রে খবর, কেন্দ্রও এবার বিরোধীদের সমস্ত আক্রমণ, প্রশ্নের জবাব দিতে প্রস্তুত।
নিট ইস্যুতে বিক্ষোভকারী ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে আজ, বুধবার ফের বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। গতকাল মধ্য রাতে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।
বিরোধীদের অভিযোগ, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকার নিস্পৃহ ছিল। তারা এই ঘটনার দায় নেয়নি। তবে কেন্দ্র এই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, প্রথম থেকেই তারা সক্রিয় ভূমিকা পালন করেছে। প্রশ্নপত্র ফাঁসের পরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নৈতিক দায় নেন এবং প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ করেন।
এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রের সূত্রের দাবি, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে পাঁচ দাবি রাখেন সরকারের সামনে, তাতে প্রথমেই ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা।
কেন্দ্রের যুক্তি, নিট প্রশ্নপত্র ফাঁসের পরই সিবিআই তদন্ত শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তি দিতে দৃঢ় প্রতীজ্ঞ। প্রধানমন্ত্রী মোদী প্রশ্নপত্র ফাঁসকে ‘ঘোর পাপ’ বলেই উল্লেখ করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারদের সহযোগিতায় কাজ করতে অনুরোধ করেন তিনি। পড়ুয়াদের সঙ্গে যাতে কোনও প্রকার অন্য়ায় অবিচার না হয়, তাও নিশ্চিত করতে বলেন।
সূত্রের খবর, বিরোধীদের দাবি মেনে সরকার এই ইস্যু নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে রাজি।
প্রসঙ্গত, গতকাল নিট ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।