Nepal Disaster: জলের তোড়ে ভেসে গিয়েছিল ব্যাঙ্কের লকার, ভেঙে চলল লক্ষ লক্ষ টাকা লুঠ, নেপালে আটক ২৯

Nepal Bank Locker Loot: নেপালে হরপা বানে ভেসে গিয়েছিল ব্যাঙ্কের লকার। পরে নদীর ধারে সেই লকারের খোঁজ পাওয়া যায়। কিন্তু ততক্ষণে সেটি ভেঙে ভিতরে থাকা বিপুল পরিমাণ টাকা লুঠ হয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই ২৯ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯২ লক্ষ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি। যা ভারতীয় মুদ্রায় ৫৭ লক্ষ টাকা।

Nepal Disaster: জলের তোড়ে ভেসে গিয়েছিল ব্যাঙ্কের লকার, ভেঙে চলল লক্ষ লক্ষ টাকা লুঠ, নেপালে আটক ২৯
নেপালে উদ্ধার হওয়া টাকাImage Credit source: Tv9 Bangla

Aug 29, 2026 | 7:00 PM

কাঠমান্ডু: একদিকে প্রকৃতির ধ্বংসলীলা। জলের তোড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বাড়ি-ঘর। চারিদিকে হাহাকার, মৃত্যু মিছিল। অন্যদিকে, সেই বিপর্যয়ের (Nepal Disaster) সুযোগ নিচ্ছে একদল। নেপালের ধ্বংসলীলার একাধিক ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ঘুম উড়েছে নেটিজ়েনদের। এর মাঝে আরও একটা ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, নেপালের ধ্বংসলীলার মধ্যেই চলছে লুঠ। টাকার লুঠ। এমনটাও হয়?

ঠিক কী ঘটেছে?

নেপালে হরপা বানে ভেসে গিয়েছিল ব্যাঙ্কের লকার। পরে নদীর ধারে সেই লকারের খোঁজ পাওয়া যায়। কিন্তু ততক্ষণে সেটি ভেঙে ভিতরে থাকা বিপুল পরিমাণ টাকা লুঠ হয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই ২৯ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯২ লক্ষ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি। যা ভারতীয় মুদ্রায় ৫৭ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি এলাকায় ভয়াবহ বন্যার জলে ব্যাঙ্কের ওই লকারটি ভেসে যায়। পরে ধাদিং জেলার গালছি গ্রামীণ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলার কাছে ত্রিশূলি নদীর ধারে লকারের খোঁজ পাওয়া যায়। ধাদিং পুলিশ জানিয়েছে, ১২ সেপ্টেম্বর তারা খবর পায়, স্থানীয় কয়েকজন ওই লকারটি ভেঙে ভিতরে থাকা নগদ টাকা নিয়ে গিয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। শুরু হয় তল্লাশি। আটক করা হয় ২৯ জনকে।

আটকদের অধিকাংশই গালছি ৪ এলাকার মাস্টারের বাসিন্দা। কয়েকজন গালছি-৬-এর আদমঘাট এবং সিদ্ধালেক-৭-এর আদমতারের বাসিন্দা। আবার কয়েকজনের আদি বাড়ি চিতওয়ান ও পার্সায় হলেও বর্তমানে তাঁরা ধাদিংয়ে থাকেন। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তারও তদন্ত চলছে।

মৃতদেহ থেকে সোনার দুল চুরির অভিযোগ

বন্যার বিপর্যয়ের মধ্যেই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে নেপালে। বন্যার জলে ভেসে যাওয়া এক মহিলার মৃতদেহ থেকে সোনার দুল চুরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা যায়, নারায়ণী নদীর জলে ভেসে আসা এক মহিলার মৃতদেহ থেকে সোনার দুল খুলে নিচ্ছেন দুই ব্যক্তি। ভিডিয়োটি সামনে আসার পরই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

নেপালের বন্যায় মৃত ৬২৬

নেপালের বিপর্যয়ে মৃত ও নিখোঁজের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, বন্যায় এখনও পর্যন্ত ৬২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ২ হাজার ৪২৬ জন।

শুক্রবার রাত পর্যন্ত নিখোঁজ নেপালের নাগরিকের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪। সেই সংখ্যা আরও বাড়তে পারে। পাশাপাশি ৫১৭ জন বিদেশি নাগরিকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। এখনও পর্যন্ত ৩০০ জন ভারতীয় নিখোঁজ। ভয়াবহ বন্যার তিন দিন পরেও বিভিন্ন এলাকায় তল্লাশি ও উদ্ধারকাজ চলছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us