
কাঠমাণ্ডু: নিজেদের সিদ্ধান্ত থেকে “ইউ টার্ন” নিল নেপাল (Nepal)। একদিন আগেই জানিয়েছিল, হড়পা বানের (Flash Flood) জেরে যে বিপর্যয় নেমেছে, তাতে উদ্ধারকাজ চালানোর জন্য বিদেশি কোনও উদ্ধারকারী দলের সাহায্যের প্রয়োজন নেই। তবে বিভিন্ন দেশ থেকে চাপ তৈরি হতেই সেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল।
নেপালের বিপর্যয়ে শতাধিক পর্যটক নিখোঁজ। তার মধ্যে কয়েকশো বিদেশি পর্যটকও রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সেই সমস্ত দেশের কাছ থেকে নেপালের উপরে চাপ তৈরি হচ্ছিল দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য। সেই কারণেই নেপাল বিদেশি সাহায্য নিতে রাজি হচ্ছে। তবে তারা জানিয়েছে, স্পেশালাইজাইড এরিয়া যেমন সুড়ঙ্গ থেকে উদ্ধার, ডিএনএ টেস্টিং ও ফরেন্সিক পরীক্ষার মতো ক্ষেত্রে বিদেশি দল সাহায্য করতে পারে। সরাসরি উদ্ধারকাজে তাদের হাত লাগাতে দেওয়া হচ্ছে না।
এদিকে, নেপালে উদ্ধারকাজে সহযোগিতা করার জন্য প্রতিকূল আবহাওয়া এবং উপত্যকায় কাজের অভিজ্ঞতা সম্পন্ন স্পেশালাইজড মিলিটারি ইউনিট পাঠাচ্ছে নয়া দিল্লি। ইতিমধ্যেই কাঠমাণ্ডু পৌঁছে গিয়েছে ১১ জনের বিশেষ মেডিক্যাল টিম। এছাড়াও বিভিন্ন সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য ভারতীয় বায়ু সেনার ত্রাণবাহী তৃতীয় এয়ারক্র্যাফ্টে বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে নয়া দিল্লি।
নেপাল-তিব্বত সীমান্তে রসুয়া জেলায় নেমে এসেছিল হড়পা বান। এখানে ভেসে গিয়েছে ১৩টি ব্রিজ। বিস্তীর্ণ এলাকা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিচ্ছিন্ন এলাকায় পৌঁছতে মোট ৪২টি ব্রিজ অবিলম্বে প্রয়োজন বলে ভারত এবং চিনের কাছে আবেদন করেছে নেপাল। ভারতের কাছে বেইলি ব্রিজ চেয়ে আবেদন করেছে নেপাল।
ভারতীয় সেনার তরফে আগেই বেইলি ব্রিজ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার নেপালের তরফে সাহায্য চাওয়ায়, সেখানে একাধিক বেইলি ব্রিজ তৈরিতে টেকনিক্যাল টিম পাঠাচ্ছে ভারত। বেইলি ব্রিজ নির্মাণে সহযোগিতা করবে এই টেকনিক্যাল টিম।
শুক্রবার পর্যন্ত উদ্ধার হয়েছেন ১৭১ জন বিদেশি। এরমধ্যে ৮৫ জন ভারতীয়।
চিনা নাগরিক-১৬ জন।
দক্ষিণ কোরিয়ান নাগরিক-৯ জন।
আমেরিকান নাগরিক-১জন।
ইতালির নাগরিক-১জন।
১৫০০ জন মানুষকে এয়ারলিফ্ট করা হয়েছে। এর মধ্যে রসুয়ার হাইডেল প্রজেক্ট থেকে ৩৬০ জনকে এয়ারলিফ্ট করা হয়েছে। ১০০০ শ্রমিক এখনও বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্রে আটকে আছে বলে খবর। নেপাল পুলিশের দাবি, আপাতত মোট মৃত্যুর সংখ্যা ৬২৬ জন। নেপালের উদ্ধারকাজে NDRF কে পাঠাতে চেয়ে কাঠমাণ্ডুকে চিঠি লিখেছে নয়া দিল্লি। তবে এখনও এই বিষয়ে নেপালের উত্তর আসেনি বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।