
নয়া দিল্লি: মহাকুম্ভের বিপর্যয় নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় সমস্ত রাজ্যকেই শিক্ষা নেওয়ার আর্জি। আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানির আর্জি জানানো হতে পারে।
মৌনি অমাবস্যায় মহাকুম্ভে স্নান করতে গিয়ে, অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। আহত ৬০ জন। এই ঘটনা নিয়েই বিশাল তিওয়ারি নামক এক সুপ্রিম কোর্টের আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, উত্তর প্রদেশের মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। যাদের অবহেলা ও গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সেই ব্যক্তি, কর্তৃপক্ষ ও আধিকারিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে হবে।
মামলার আর্জিতে বলা হয়েছে, সমস্ত রাজ্যের উচিত সঠিকভাবে পরিষেবার ব্যবস্থা করা। নিজের রাজ্যের লোকজনদের জন্য সেন্টার তৈরি করা এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য জানানো। কুম্ভমেলার মতো বড় অনুষ্ঠান, যেখানে কোটি কোটি মানুষের জনসমাগম হয়, সেখানে রাজ্যবাসীরা গেলে, তাদের আগে থেকেই গাইডলাইন বুঝিয়ে দেওয়া।
শীর্ষ আদালতে আর্জিতে আরও বলা হয়েছে, কুম্ভমেলায় সমস্ত রাজ্যের নিজস্ব সেন্টার রাখতে হবে। ইমার্জেন্সির সময় যাতে সব রকমের সাহায্য করা যায়। ঘোষণার জন্যও আলাদা ব্যবস্থা রাখা উচিত। দিক নির্দেশের জন্য রাস্তায় বোর্ডের ব্যবস্থা করা উচিত। সেই বোর্ড যেন আঞ্চলিক ভাষায় হয়, যাতে সাধারণ মানুষ সেই নোটিস বা বোর্ডের লেখনি পড়তে পারেন।
রাজ্যগুলির ইলেকট্রনিক মোডে মেসেজ পাঠানোর ব্যবস্থা করাও উচিত। এসএমএস, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সহজে যাতে পুণ্যার্থীদের গুরুত্বপূর্ণ মেসেজ পাঠানো যায়, তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। কুম্ভে এবার যে বিপত্তি ঘটল, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে এন্ট্রি-এক্সিট পথে যথা সম্ভব জায়গার ব্যবস্থা করতে বলা হয়েছে।