
নেদারল্যান্ডস : মাছ, ঝালমুড়ি অ্যান্ড মোর। পশ্চিমবঙ্গের নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) ঠিক এইভাবে বর্ণনা করলে কিন্তু ভুল কিছু হবে না। ভোটে রাজনীতিতে এবার যুক্ত হয়েছে মাছ ও ঝালমুড়ি। মাছ নিয়ে প্রচার করেছেন প্রার্থীরা। বিশেষ করে বিজেপি। বাঙালির আবেগকে মাথায় রেখে মাছেই মন দিয়েছিলেন তাঁরা। এমনকী কেন্দ্রীয় মন্ত্রীদের বাংলায় এসে মাছ-ভাত খেতেও দেখা গিয়েছিল। তবে, ভোট রাজনীতিতে টক-ঝাল-মিস্টির ফ্লেভার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ঝাড়গ্রামে প্রচারে গিয়ে তাঁর ঝালমুড়ি খাওয়া নিয়ে বঙ্গ রাজনীতিতে পারদ চড়ে। এবার সেই টক-ঝাল-মিস্টির স্বাদ পৌঁছে গেল সুদূর বিদেশেও। বোঝা গেল, ভোট শেষ হলেও, ঝালমুড়ির PM Modi Jhalmuri Speech) স্বাদ এতটুকু ফিকে হয়নি।
বিদেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ দেশে সফর করছেন তিনি। আমিরশাহিতে গিয়ে একাধিক বৈঠক করেন। দুই দেশের মধ্যে মউ সাক্ষরিত হয়। তেল নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। আমিরশাহির পর তিনি পৌঁছে যান নেদ্যারল্যান্ডসে। সেখানে তাঁকে নাচে-গানে স্বাগত জানান ভারতীয় প্রবাসীরা। এরপর হেগ শহরে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তাঁর কথায় উঠে আসে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা, বাংলার কথা, বাংলার ঝালমুড়ির কথা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে কৃত্তিম বুদ্ধিমত্তার কথা। যুবসমাজ কীভাবে এআই-এর মতো সেক্টরে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার উল্লেখ করেছেন। ভারতের অলিম্পিক আয়োজনের ইচ্ছাপ্রকাশও করেন। এই বক্তব্যের মাঝেই তিনি বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তোলেন। অসম, বাংলার কথা বলতেই উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী ভারতীয়রা। বক্তৃতা থামিয়ে দেন প্রধানমন্ত্রী। তারপরই বলেন, “ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গিয়েছে?” যা শুনে হাততালিতে ফেটে পড়ে। তারপর তিনি বলেন, “অসম, বাংলা, কেরলম, তামিলনাড়ু, পুদুচেরি…প্রত্যেক জায়গায় এবার ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পড়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল মহিলাদের অংশগ্রহণ বেড়েছে। সব রাজ্যের ট্রেন্ড এটাই দেখা গিয়েছে।”
ঝাড়গ্রামে প্রথম দফার ভোটপ্রচারে গিয়ে রাস্তার ধারে ঝালমুড়ির দোকানে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০টাকার ঝালমুড়ি কিনে নিজে যেমন খেয়েছেন, সেইসঙ্গে আশেপাশের মানুষকেও খাইয়েছেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার ভিডিয়ো। আর এই নিয়ে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। সেই থেকে ঝালমুড়িই হট টপিক হয়ে ওঠে। বাংলার সেই ঝালমুড়ি হিট এবার নেদারল্যান্ডসেও।