PM Modi: ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্নে তরুণ সমাজই হবে ভিত্তি, উচ্চপর্যায়ের বৈঠক হল প্রধানমন্ত্রীর বাসভবনে

Prime Minister Meeting: খেলাধূলা বা স্পোর্টস সেক্টর নিয়েও বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। স্পোর্টস ট্যুরিজম যে দিনে দিনে কতটা গুরুত্ব পাচ্ছে, সেকথাও উল্লেখ করেন। ভারতকে স্পোর্টস হাব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আরও বেশি করে আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টের আয়োজন করার পরামর্শ দেন।

PM Modi: বিকশিত ভারত গড়ার স্বপ্নে তরুণ সমাজই হবে ভিত্তি, উচ্চপর্যায়ের বৈঠক হল প্রধানমন্ত্রীর বাসভবনে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

Jul 22, 2026 | 10:10 PM

নয়া দিল্লি: ‘বিকশিত ভারতে’র পথে অগ্রগতি কীভাবে হচ্ছে, তা খতিয়ে দেখতেই উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত কৃষি, গ্রামোন্নয়ন, সামাজিক উন্নয়ন সংক্রান্ত দফতরগুলি নিয়েই বুধবার আলোচনা হল ৭ নম্বর লোককল্যাণ মার্গে, প্রধানমন্ত্রীর বাসভবনে।

যে কোনও সংস্কারের ক্ষেত্রে নাগরিকদের উন্নয়নের কথা যে সবার আগে মাথায় রাখতে হবে, তা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, সাধারণ মানুষের চাহিদা অনুযায়ীই যে কোনও সংস্কার করা প্রয়োজন। এদিনের বৈঠকে তিনি বুঝিয়েছেন, একটা উন্নত দেশের লক্ষ্যে যে সংস্কার, সেটাই আসল।

প্রতিনিয়ত প্রশাসনিক পদ্ধতিতে যে বদল আসছে, তা দ্রুত গ্রহণ করার বার্তা দিয়েছেন মোদী।
বিভিন্ন বিভাগে যে সব বিষয়ের প্রয়োজনীয়তা আছে, সেগুলি চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্নকে জন আন্দোলনে পরিণত করতে হবে এবং ভারতের তরুণ সমাজকে এই এর ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে। যুব সম্প্রদায়ের মধ্যে মাদক সেবনের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

খেলাধূলা বা স্পোর্টস সেক্টর নিয়েও বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। স্পোর্টস ট্যুরিজম যে দিনে দিনে কতটা গুরুত্ব পাচ্ছে, সেকথাও উল্লেখ করেন। ভারতকে স্পোর্টস হাব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আরও বেশি করে আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্টের আয়োজন করার পরামর্শ দেন। পিএম কুসুম স্কিমে কীভাবে কৃষিতে নয়া পরিবর্তন এনেছে, সেই বিষয়েও এদিন আলোচনা হয়েছে।

বিভিন্ন বিষয়ে এদিনের বৈঠকে সচিবরাও নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। বিকশিত ভারতের পথে এগোতে কোন কোন ক্ষেত্রে কী কী করা জরুরি, তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে এদিন। মন্ত্রিসভার সচিব, একাধিক মন্ত্রকের সচিব ও উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে।

Follow Us