বিধানসভা অভিযানে উত্তাল রাঁচী, বেধড়ক লাঠিচার্জ পুলিশের, জলকামান ছুড়তেই Rain Dance আন্দোলনকারীদের!

Jharkhand Protest: সরকারের দাবি, আন্দোলনকারীদের ৯৮ শতাংশ দাবিই মেনে নেওয়া হয়েছে। পড়ুয়াদের উচিত আন্দোলন তুলে নেওয়া।  তবে আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছে, যে ১৩টি পরীক্ষা বাতিল করার দাবি জানানো হয়েছে,  সরকার তার মধ্যে মাত্র তিনটি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে। তারা সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে।

বিধানসভা অভিযানে উত্তাল রাঁচী, বেধড়ক লাঠিচার্জ পুলিশের, জলকামান ছুড়তেই Rain Dance আন্দোলনকারীদের!
পড়ুয়াদের আন্দোলনে লাঠিচার্জ-জলকামান।Image Credit source: X

|

Aug 10, 2026 | 2:17 PM

রাঁচী: আবার জেন-জ়ি আন্দোলন। উত্তাল ঝাড়খণ্ড। রবিবার ষষ্ঠ দফা আলোচনার ব্যর্থ হয় সরকারের সঙ্গে। তার পরেই আন্দোলনকারীরা বিধানসভা অভিযান শুরু করে। বিধানসভা চত্বরের কাছে পৌঁছতেই পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয়। তাদের আটকাতে লাঠিচার্জ, জলকামান ব্যবহার করা হয়।

ঝাড়খণ্ডে ২০২৩ ও ২০২৫ সালের জেপিএসসি ও জেএসএসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও বেনিয়মের অভিযোগে আন্দোলন শুরু করেছে। বিগত ১৬ দিন ধরে চলছে আন্দোলন। একটানা অনশন, আন্দোলনের মুখে পিছু হটে ঝাড়খণ্ড সরকারও। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনটি পরীক্ষা বাতিল করতে পারেন। এমনটাই আভাস মিলেছে। এর মাঝেই আজ ছাত্র আন্দোলন।

নিয়োগ পরীক্ষায় সংস্কারের জন্য আজ তারা বিধানসভা দখলের ডাক দিয়েছিল। রাজ্যের প্রতিটি কোণ থেকে যুবক-যুবতীরা বাসে-ট্রেনে চেপে রাঁচীতে আসে আন্দোলনে যোগ দেওয়ার জন্য।  পড়ুয়াদের বক্তব্য, “সরকারের উচিত আমাদের কথা শোনা এবং সেই অনুযায়ী জবাব দেওয়া।”

ছাত্ররা বিধানসভার ব্যারিকেড টপকাতেই পুলিশ জলকামান ব্যবহার শুরু করে। তবে আন্দোলনকারীরাও দমার পাত্র নয়। তারা জলকামানের জলেই স্নান করে নাচানাচি শুরু করে। ঠিক যেমনটা ক’দিন আগে বিহারে দেখা গিয়েছিল।

ছাত্র আন্দোলনের নেতা দেবেন্দ্র মাহাতো, যিনি অনশন করছেন, তিনি আন্দোলনকারীদের অনুরোধ করেন যে পুলিশ যদি পথ আটকায়, তাহলে তাদের সঙ্গে তর্ক না করে, বিধানসভায় পৌঁছনোর অন্য পথ খোঁজে।  আজকের আন্দোলনে সামিল হতে গিয়ে আটক হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বাবুলাল মারান্ডি।

বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল অনভিপ্রেত ঘটনা এড়াতে। আজকের এই আন্দোলনের জন্য রাঁচীতে অধিকাংশ স্কুল বন্ধ রাখা হয়েছিল। পুলিশ কড়া নজরদারি, তল্লাশি চালাচ্ছিল প্রাইভেট বাস, গাড়িগুলিতে।  বিজেপি নেতা-কর্মীরাও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়ির বাইরে বিক্ষোভ দেখায়।

এদিকে, সরকারের দাবি, আন্দোলনকারীদের ৯৮ শতাংশ দাবিই মেনে নেওয়া হয়েছে। পড়ুয়াদের উচিত আন্দোলন তুলে নেওয়া।  তবে আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছে, যে ১৩টি পরীক্ষা বাতিল করার দাবি জানানো হয়েছে,  সরকার তার মধ্যে মাত্র তিনটি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে। তারা সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us