
নয়া দিল্লি : প্রমুখ স্বামী মহারাজ। আধ্যাত্মিক গুরু। তাঁর নিস্বার্থ, বিনম্র জীবনের স্পর্শে অসংখ্য মানুষের জীবন পরিবর্তিত হয়েছে। তাঁর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, শান্তি, সদ্ভাব ও নৈতিক জীবনের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাঁর জীবন, আদর্শ, বিনয় ও মানবসেবার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিশিষ্ট সন্ন্যাসী পূজ্য জৈনাচার্য মুনি শ্রী সুশীলকুমারজি। তাঁর স্মৃতিচারণায় উঠে এল প্রমুখ স্বামী মহারাজের অসাধারণ ব্যক্তিত্ব ও আধ্যাত্মিক প্রভাব। অন্যদিকে, রামকৃষ্ণ মিশনের প্রখ্যাত সন্ন্যাসী প্রয়াত স্বামী আত্মানন্দজি মহারাজের একটি পুরনো ভিডিয়োতে প্রমুখ স্বামী মহারাজের সম্পর্কে নিজের উপলব্ধি ব্যক্ত করেছেন।
প্রমুখ স্বামী মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর জীবন ও চারিত্রিক গুণাবলির কথা তুলে ধরেছেন শ্রী সুশীলকুমারজি। তাঁর বক্তব্যে প্রকাশ পেয়েছে প্রমুখ স্বামী মহারাজের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং আধ্যাত্মিক অনুরাগ। তাঁর কথায়, স্বামীজির জীবনযাপন, বিনয় এবং মানুষের প্রতি তাঁর নিঃস্বার্থ ভালোবাসা তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
অন্যদিকে, প্রয়াত স্বামী আত্মানন্দজি মহারাজ ছিলেন রামকৃষ্ণ মিশনের অন্যতম শ্রদ্ধেয় সন্ন্যাসী এবং বেদান্ত দর্শনের বিশিষ্ট ব্যাখ্যাকার। গভীর প্রজ্ঞা ও স্পষ্ট চিন্তাশক্তির জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। একটি বিরল ভিডিয়োতে তাঁকে প্রমুখ স্বামী মহারাজ সম্পর্কে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির কথা বলতে শোনা যায়।
সেই স্মৃতিচারণায় স্বামী আত্মানন্দজি মহারাজ প্রমুখ স্বামী মহারাজের জীবনের আধ্যাত্মিক গভীরতা, অসাধারণ বিনয় এবং মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, প্রমুখ স্বামী মহারাজের ব্যক্তিত্ব কেবল একটি নির্দিষ্ট ধর্মীয় পরিসরেই সীমাবদ্ধ ছিল না, তাঁর জীবন ও আদর্শ বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক পরম্পরার মানুষের মধ্যেও গভীর প্রভাব ফেলেছিল।