
পটনা: ভোট-কুশলী নয়। এখন তিনি ভোট প্রার্থী। নির্বাচনে লড়ার ঘোষণা আগেই করেছিলেন। এবার মনোনয়ন জমা দিলেন জন সুরাজ পার্টির (Jan Suraj Party) প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হয়েছেন তিনি। এটিই প্রথম নির্বাচন প্রশান্ত কিশোরের। এর আগে বিহারের নির্বাচনে তাঁর দল লড়লেও, তিনি প্রার্থী হননি। স্পষ্ট জানিয়েছিলেন ভোটের ময়দানের নামবেন না। কিন্তু, এবার সেই ব্রত ভেঙে অবশেষে ভোট রাজনীতিতে নামলেন প্রশান্ত কিশোর। তবে, জানেন কি কত সম্পত্তির মালিক প্রশান্ত কিশোর? কতদূর পড়াশোনা তাঁর?
প্রশান্ত কিশোরের হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯৬ কোটি টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ২২.১৯ কোটি। আর স্থাবর সম্পত্তি ৭৩.৮৭ কোটি। প্রশান্ত কিশোরের নামে গাজিয়াবাদে দু’টি ফ্ল্যাট রয়েছে। আরও দুটি ফ্ল্যাটে ৫০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।পটনার পাটলিপুত্র কলোনি, দিল্লির বসন্ত বিহার, বক্সার এবং তাঁর পৈতৃক গ্রামে জমি ও সম্পত্তি রয়েছে।
এদিকে প্রশান্ত কিশোরের স্ত্রী জাহ্নবী দাসের নামে ৮৯ কোটি ৫১ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ১২ কোটি ৪২ লক্ষ। জাহ্নবী পেশায় চিকিৎসক। স্ত্রীর নামে গুয়াহাটিতে দুটি ফ্ল্যাট এবং একটি বাংলোর এক-তৃতীয়াংশ মালিকানা রয়েছে। এছাড়া নয়ডাতেও সম্পত্তি রয়েছে।
প্রশান্ত কিশোরের নামে ৫ কোটির বেশি ঋণ রয়েছে। হলফনামা অনুযায়ী, প্রশান্ত কিশোরের নামে বর্তমানে ৫ কোটি ৭৭ লক্ষ টাকার ব্যাঙ্ক ঋণ রয়েছে।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, প্রশান্ত কিশোরের একটি সংস্থা রয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে জন সুরাজ দলকে ৮৫ কোটি টাকা অনুদান দিয়েছে তাঁর কোম্পানি। এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষে জন সুরাজ ফাউন্ডেশনকে ৫০ লক্ষ টাকা টাকা অনুদান দেওয়া হয়েছিল।
হলফনামায় প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মোট ৮টি মামলার উল্লেখ রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে মানহানি,সরকারি কাজে বাধা সৃষ্টি এবং প্রতারণার মতো ধারা। তবে, মামলাগুলিতে কোনও চার্জ গঠন হয়নি।
প্রশান্ত কিশোর লখনউ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) ডিগ্রি অর্জন করেছেন। পরে হায়দরাবাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অফ ইন্ডিয়া (ASCI) থেকে মাস্টার অফ হেলথকেয়ার ম্যানেজমেন্ট সম্পন্ন করেন। এছাড়াও তিনি ফরাসি ভাষার একটি সার্টিফিকেট কোর্সও করেছেন।
২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর ভোট কুশলীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন প্রশান্ত কিশোর। এরপর ২০২২ সালের ২ অক্টোবর ‘জন সুরজ অভিযান’শুরু করেন এবং বিহার জুড়ে পদযাত্রা করেন। যদিও চলতি বছরের বিহার নির্বাচনে জন সুরজ কোনও আসন জিততে পারেনি। এবার বাঁকিপুর উপনির্বাচনের মাধ্যমে প্রথমবার ভোট রাজনীতিতে নামলেন ৪৯ বছরের প্রশান্ত কিশোর।