VIDEO: বন্দে ভারতে এ কী দৃশ্য! ওয়েটারকে ঠাটিয়ে চড় যাত্রীর, লজ্জা-অপমানে চোখে জল রেল কর্মীর

Vande Bharat Express: ওয়েটার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেও, শান্ত হননি ওই যাত্রী। খাবার পরিবেশনে ভুলের জন্য তিনি সপাটে চড় মারেন ওয়েটারকে। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান সকলে। চোখে জল নিয়ে মাথা নীচু করে দাঁড়িয়ে থাকেন কর্মী। 

VIDEO: বন্দে ভারতে এ কী দৃশ্য! ওয়েটারকে ঠাটিয়ে চড় যাত্রীর, লজ্জা-অপমানে চোখে জল রেল কর্মীর
যাত্রীর চড়, ওয়েটারের চোখে জল। Image Credit source: Twitter

|

Jul 31, 2024 | 7:21 AM

কলকাতা: দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত। সেখানে বসার আসন থেকে শুরু করে পরিষেবা-সবই সর্বোচ্চ মানের। কিন্তু সেই ট্রেনেই এ কী দৃশ্য! খাবার পরিবেশনে ভুল হওয়ায়, ওয়েটারকে গালিগালাজ, চড় মারলেন বৃদ্ধ যাত্রী। রেলকর্মী বারবার বলেন যে ভুলবশত এই ঘটনা ঘটেছে। তারপরও ওই যাত্রী তাঁকে চড় মারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। আর ভিডিয়ো দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। ভিডিয়োটি গত ২৬ জুলাইয়ের। জানা গিয়েছে, বন্দে ভারতের ওই যাত্রী নিরামিষ খাবার অর্ডার করেছিলেন। কিন্তু ওয়েটার ভুলবশত তাঁকে আমিষ খাবার পরিবেশন করেন। খাবারের প্যাকেটের উপরে নিরামিষ-আমিষ স্পষ্টভাবে উল্লেখ করা থাকলেও ওই বৃদ্ধ যাত্রী তা দেখেননি। কয়েক গ্রাস খাবার খাওয়ার পর তিনি বুঝতে পারেন যে নিরামিষের বদলে আমিষ খাবার পরিবেশন করা হয়েছে তাঁকে। এরপরই খাবার পরিবেশনকারীকে ডেকে গালিগালাজ করতে থাকেন বৃদ্ধ যাত্রী।

ওয়েটার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেও, শান্ত হননি ওই যাত্রী। খাবার পরিবেশনে ভুলের জন্য তিনি সপাটে চড় মারেন ওয়েটারকে। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান সকলে। চোখে জল নিয়ে মাথা নীচু করে দাঁড়িয়ে থাকেন কর্মী।

এদিকে, ওই বৃদ্ধের আচরণে ক্ষুব্ধ হন সহযাত্রীরা, তাঁরা প্রতিবাদ করেন। সামান্য ভুলে কেন রেলকর্মীর গায়ে হাত তোলা হবে? এই প্রশ্ন তোলেন। ওই যাত্রী খাবার খাওয়ার আগে প্য়াকেটের উপরে মার্কিং দেখলে এমন ঘটনা ঘটত না বলেও প্রতিবাদ করেন অনেকে।

গোটা ভিডিয়োয় বারবার শোনা গিয়েছে,  “গরিব বলে ওয়েটারকে চড় মারার কোনও অধিকার নেই আপনার। আপনি ক্ষমা চান”। যদিও ওই বৃদ্ধ ক্ষমা চাইতে নারাজ। শেষে রেল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিডিয়োর শেষেও ওই খাবার পরিবেশনকারীর চোখে জল দেখা গিয়েছে। বৃদ্ধ যাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে কি না, তা জানা যায়নি।

Follow Us