Hotel Raid : ফাইভ স্টার হোটেলে পচা মাংস, ছাতা পড়া সবজি! চক্ষু চড়কগাছ খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের

Bengaluru five star hotel raid: পাঁচতারা হোটেলগুলি থেকে একাধিক খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। কোনও হোটেল থেকে ৭৬ কেজি মাংস এবং ২০০ কেজি সবজি, কোথাও ১৫ থেকে ১৯ কেজি মাংস, কোনও হোটেল থেকে মেয়াদ উত্তীর্ণ তিন কেজি বেকারি পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। সবথেকে বেশি ১০৫ কেজি মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ছিল ৫০ কেজি মুরগি, ২৩ কেজি মাংস, ৭ কেজি মাছ এবং ২৫ কেজি সবজি।

Hotel Raid : ফাইভ স্টার হোটেলে পচা মাংস, ছাতা পড়া সবজি! চক্ষু চড়কগাছ খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের
পচা ও বাসি খাবার উদ্ধারImage Credit source: x

Aug 08, 2026 | 4:55 PM

বেঙ্গালুরু: ফাইভ স্টার হোটেল-রেস্তরাঁ (Five Star Hotel-Restuarant) মানেই ঝাঁ চকচকে ব্যাপার। সঙ্গে দুর্দান্ত পরিষেবা। খাবারের দাম বেশি হলেও, মান ভালোর আশাতেই ফাইভ স্টার হোটেলগুলিতে ভিড় করেন অনেকে। কিন্তু, সেইসব পাঁচতারা হোটেলেই সম্পূর্ণ উল্টো ছবি ধরা পড়ল। একের পর একে ফাইভ স্টার হোটেল থেকে মিলল পচা মাংস, ছাতা পড়া সবজি, মেয়াদ উত্তীর্ণ খাবার। অবাক হলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। সম্প্রতি, বেঙ্গালুরুর (Bengaluru News) একাধিক নামী-দামী হোটেল-রেস্তরাঁতে অভিযান চালায় কর্নাটকের ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটিভ দফতর। তারপরই যা যা প্রকাশ্যে এসেছে, তাতে রীতিমতো চক্ষু-চড়কগাছ খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের।

২৬টি হোটেলে অভিযান

বেশ কয়েকদিন ধরে বিভিন্ন রেস্তরাঁতে খাবারের মান নিয়ে অভিযোগ উঠছিল। সরকারের কাছে একাধিক অভিযোগও জমা পড়ে। এরপরই শুক্রবার বেঙ্গালুরুর ২৬টি থ্রি স্টার ও ফাইভ স্টার হোটেলে অভিযান চালায় ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা। মোট ৩০টি দল পরিদর্শনে নামে। অভিযানে নেমে একাধিক হোটেলের রান্নাঘর ও স্টোরেজের জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশের হদিশ মেলে বলে অভিযোগ। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ খাবার, সঠিকভাবে স্টোরেজ না করা খাদ্যদ্রব্য এবং ছাতা পড়া সবজি উদ্ধার করা হয়।

স্টোরেজে কী কী পাওয়া গিয়েছে?

খাদ্য সুরক্ষা দফতর অভিযানের পর বিভিন্ন ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনেরও অভিযোগও উঠে এসেছে। কয়েকটি হোটেলে নিরামিষ ও আমিষ খাবার স্টোরেজে একসঙ্গে রাখা হচ্ছিল বলে অভিযোগ। পাশাপাশি খাবারে ঠিক লেবেল না থাকা,ভুল তথ্য দিয়ে পণ্য বাজারজাত করা এবং FSSAI-র লেবেলিং সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগও উঠেছে। খাদ্য সুরক্ষা দফতর থেকে জানানো হয়েছে, বিভিন্ন হোটেলের স্টোরেজে মেয়াদ উত্তীর্ণ দুধ ও অন্যান্য দুগ্ধজাত এবং বেকারি খাদ্যদ্রব্য ও পচা মাংস ও মাছ পাওয়া গিয়েছে।

সংবাদসংস্থা এএনআই-এর প্রকাশিত ভিডিয়োতে দেখা গেল, হোটেলের রান্নাঘরের কর্মীরা ট্রে ভর্তি বেকারি সামগ্রী আবর্জনার স্তূপে ফেলে দিচ্ছে। এছাড়া আরও কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা।

কী কী খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত?

পাঁচতারা হোটেলগুলি থেকে একাধিক খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। কোনও হোটেল থেকে ৭৬ কেজি মাংস এবং ২০০ কেজি সবজি, কোথাও ১৫ থেকে ১৯ কেজি মাংস, কোনও হোটেল থেকে মেয়াদ উত্তীর্ণ তিন কেজি বেকারি পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। সবথেকে বেশি ১০৫ কেজি মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ছিল ৫০ কেজি মুরগি, ২৩ কেজি মাংস, ৭ কেজি মাছ এবং ২৫ কেজি সবজি।

খাদ্য সুরক্ষা দফতারের তরফে জানা গিয়েছে, অভিযানের সময় মোট ৩৫টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তার মধ্যে রয়েছে চা-পাতা, মুরগি, খাসির মাংস, মাছ, ভোজ্য তেল, লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো, টমেটো সস, লেবুর রস, চিজ, পাপড়, কাজুবাদাম, আদা, গোলমরিচের গুঁড়ো, বিভিন্ন মশলার গুঁড়ো এবং দুধ।

খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট হোটেলগুলিকে নোটিস দেওয়া হয়েছে। রিপোর্ট এবং আইনের সংশ্লিষ্ট ধারার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে, মুম্বইতেও খাবারের গুণমান নিয়ে অভিযান চালাচ্ছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। গত কয়েক সপ্তাহে মুম্বইয়ের একাধিক রেস্তরাঁ ও ক্লাবের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। সেখানে খাবারে পোকামাকড়, মেয়াদ উত্তীর্ণ খাবার এবং অন্যান্য খাদ্য নিরাপত্তা সংক্রান্ত অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us