Bus Accident: সাঁই সাঁই করে ছুটছিল স্লিপার বাস, সামনে ট্রেলার আসতেই সব শেষ! ধাক্কা মারতেই বিস্ফোরণ বাসে, মৃত অন্তত ৭

Delhi-Mumbai Expressway Accident: দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে যে বাসের চালকের চোখ লেগে গিয়েছিল। দ্রুত গতিতে থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল বাহিনী অনেক দেরি করে এসেছে। সেই কারণেই অনেক যাত্রী পুড়ে মারা গিয়েছেন

Bus Accident: সাঁই সাঁই করে ছুটছিল স্লিপার বাস, সামনে ট্রেলার আসতেই সব শেষ! ধাক্কা মারতেই বিস্ফোরণ বাসে, মৃত অন্তত ৭
দাউদাউ করে জ্বলছে বাস।Image Credit source: X

|

Jul 01, 2026 | 9:00 AM

জয়পুর: গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। স্লিপার বাস ধাক্কা মারল ট্রেলারে। সংঘর্ষের জেরে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় বাসে। ওই বাসের মধ্যে পুড়েই মৃত্যু হল কমপক্ষে সাত থেকে আটজনের। আহত অন্তত ২২ জন।

ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসায়। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গতকাল রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনা ঘটে। স্লিপার বাসটি ঋষিকেশ থেকে মধ্য প্রদেশের ইন্দোরে আসছিল। জানা গিয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে আসছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে ট্রেলারে। এরপর বাস ও ট্রেলারে আগুন ধরে যায়। নিমেষে আগুনের গ্রাসে চলে যায় বাসটি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, যে সময় দুর্ঘটনাটি ঘটে, সেই সময় অধিকাংশ যাত্রীরাই ঘুমাচ্ছিলেন। আচমকাই সজোরে ধাক্কা লাগে। বাস থেকে নেমে আসার সুযোগও পাননি অনেকে। সামনের দিকে বসা যাত্রীরা ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মারা যান। পুলিশ জানিয়েছে, আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। দুইজন মাথায় গুরুতর চোট পাওয়ায় মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরই সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। কিছুক্ষণের মধ্যে দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। আহত যাত্রীদের কাছের দৌসা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। বাসের অধিকাংশ আহত যাত্রীই মহিলা ও শিশু বলে জানা  গিয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে যে বাসের চালকের চোখ লেগে গিয়েছিল। দ্রুত গতিতে থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল বাহিনী অনেক দেরি করে এসেছে। সেই কারণেই অনেক যাত্রী পুড়ে মারা গিয়েছেন। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর যাত্রীদের বাস থেকে উদ্ধার করা হয়েছে। তারা আরও জানিয়েছেন, বাসের  স্টোরেজ কম্পার্টমেন্ট ভর্তি ছিল সিগারেটের বাক্সে। সেই তামাকও আগুন ছড়িয়ে দিতে সাহায্য করেছে।

Follow Us