
পুণে: ইন্টারনেট ঘেঁটে কেতনকে (Ketan Murder Case) খুনের পরিকল্পনা করেছিল সিয়া (Siya Goyal) ও তাঁর প্রেমিক চেতন (Chetan Choudhury)। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল তদন্তকারীদের হাতে। ইতিমধ্যেই খুনের ঘটনার তদন্তে সিয়ার দাদাকে ম্যারাথান জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে একাধিক তথ্য। তবে, কেতনকে কীভাবে খুনের পরিকল্পনা করেছিলেন সিয়া-চেতন, এবার সেই বিষয়েও নতুন ক্লু পেলেন তদন্তকারী আধিকারিকরা।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, কেতনকে খুনের আগে ইন্টারনেট ঘেঁটেছিলেন সিয়া ও চেতন। কীভাবে পরিকল্পনা সফল করা যায়, তার জন্য ইন্টারনেটের সাহায্য নিয়েছেন দু’জনে। এমনকি, ধরা পড়লে পুলিশকে কী জবাব দেবেন, তাও আগে থেকেই মহড়া দিয়ে রেখেছিলেন তাঁরা। সেটাও ইন্টারনেটের সাহায্য নিয়েই করেছেন তাঁরা। এমনই দাবি করেছেন তদন্তকারী আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, খুনের আগে চেতন ও সিয়া একবার লোহগড় দুর্গে গিয়ে পুরো ঘটনার মহড়া দেন। কোথায় দাঁড়াবেন, কীভাবে ধাক্কা দেবেন, কীভাবে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসবেন, সবকিছুরই পরিকল্পনা করা হয়েছিল। সন্দেহ যাতে না হয়, তার জন্য ছদ্মবেশ নেওয়ার পরিকল্পনাও ছিল বলে তদন্তে উঠে এসেছে। শুধু তাই নয়, তদন্তকারীদের দাবি, খুনের আগে ও পরে মোবাইল ফোন থেকে নিজেদের সমস্ত চ্যাট ডিলিট করে দিয়েছিলেন সিয়া ও চেতন। তবে সেই মুছে ফেলা তথ্য উদ্ধার করতে দু’জনের মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তদন্তে আরও জানা গিয়েছে, ১৪ জুন প্রথমবার কেতনকে লোহগড় দুর্গে নিয়ে গিয়ে খাদে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন সিয়া। কিন্তু, কেতন কোনওভাবে প্রাণে বেঁচে যান। তখন পরিস্থিতি সামাল দিতে নাটক করেন সিয়া ও কেতনকে জড়িয়ে ধরে সন্দেহ দূর করার চেষ্টা করেন। প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন ছক কষেন সিয়া। ১৮ জুন ফের কেতনকে একই দুর্গে নিয়ে যান। এবার সঙ্গে ছিলেন প্রেমিক চেতন চৌধুরীও। অভিযোগ, দু’জনে মিলে পিছন থেকে ধাক্কা দিয়ে কেতনকে গভীর খাদে ফেলে দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, এই পরিকল্পনাও ব্যর্থ হলে কী করা হবে, তার জন্য একটি ‘প্ল্যান সি’-ও তৈরি করে রেখেছিলেন অভিযুক্তরা।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে সিয়া গোয়েল ও কেতন আগরওয়ালের বাগদান হয়েছিল। আগামী নভেম্বরে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। দুই পরিবারের তরফে রাজস্থানের জয়পুরে প্রায় ১৭ কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল প্রাসাদ বুকিং করা হয়েছিল। অতিথিদের জন্য দুটি ব্যক্তিগত বিমানও ভাড়া করা হয়েছিল।