
নয়া দিল্লি: দেশের পণ্য পরিবহনে আরও গতি বাড়াতে নয়া পদক্ষেপ করল রেল। এবার চালু হচ্ছে ‘বন্দে ভারত কার্গো’ বা ‘বন্দে ভারত মালগাড়ি’। আর বুধবার ছিল তার পরীক্ষামূলকভাবে ট্রায়াল রান। সেই ট্রায়াল রানেই ঝড় তুলল বন্দে ভারত কার্গো (Vande Bharat Cargo)। মূলত, এটি হল দেশের প্রথম ‘বন্দে ভারত কার্গো’। আর তারই ট্রায়াল রানের গতি উঠল প্রতি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। বলাই যায় ভারতীয় রেলের পণ্য পরিবহণে শুরু হল এক নতুন অধ্যায়।
পশ্চিম মধ্য রেলের কোটা ডিভিশনে এই বন্দে ভারত প্ল্যাটফর্মভিত্তিক ফ্রেট EMU বা সুপারফাস্ট পার্সেল ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। জানা যাচ্ছে, প্রথম দিনেই সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। ট্রায়াল রুট ছিল কোটা–নাগদা–সওয়াই মাধোপুর রেলপথ।
রেল সূত্রে খবর, প্রায় এক মাস ধরে RDSO-র তত্ত্বাবধানে চলবে এই পরীক্ষা। রেকে রয়েছে মোট ১৬টি কোচ। আর পণ্য বহনের ক্ষমতা প্রায় ৩৯৭ টন। এছাড়াও রয়েছে রেফ্রিজারেটেড পার্সেল সুবিধা, প্রশস্ত স্বয়ংক্রিয় দরজা, CCTV, অগ্নি শনাক্তকরণ ব্যবস্থা ও আধুনিক ব্রেকিং প্রযুক্তি।
চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই আধুনিক ট্রেন। ভবিষ্যতে ই-কমার্স পণ্য, এক্সপ্রেস পার্সেল, ওষুধ ও পচনশীল সামগ্রী দ্রুত ও নিরাপদে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে রেলের তরফে মনে করা হচ্ছে। সফলভাবে সমস্ত পরীক্ষা শেষ হলে ভারতীয় রেলের সুপারফাস্ট পার্সেল পরিষেবায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন।