
চেন্নাই: কৃষকদের জন্য বড় ঘোষণা। কৃষক অ্যাসোসিয়েশনের আর্জি মেনে কৃষকদের জন্য ঋণ মকুব করে দিলেন মুখ্য়মন্ত্রী বিজয়। কোঅপারেটিভ ফার্মের ঋণে ৭৫ হাজার টাকা পর্যন্ত ঋণ মকুব করে দেওয়ার ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ঘোষণা করেন যে কোঅপারেটিভ থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া কৃষি ঋণ ১০০ শতাংশ মকুব করে দেওয়া হবে। যারা ৭৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন, তাদের ৭৫ হাজার টাকা পর্যন্ত ঋণ ছাড় দেওয়া হবে। ১ লাখ টাকার বেশি যদি ঋণ হয়, তাহলে সর্বাধিক ৩৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন, ২ লক্ষ ৩৮ হাজার কৃষককে মাথা পিছু ৪০ হাজার টাকা করে ঋণ মকুব করে দেওয়া হবে। সব মিলিয়ে রাজ্যের ১৩ লক্ষ ৩৪ হাজার কৃষকের মোট ৬২২০ কোটি টাকা ঋণ মকুব করে দেওয়া হবে। এই ঋণ মকুবের জন্য রাজ্যের ভাঁড়ার থেকে ৯৫৩.০৬ কোটি টাকা খরচ হবে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, সরকারকে ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে কোঅপারেটিভ ব্যাঙ্কের ঋণ মিটিয়ে দিতে হবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় জানান যে ২০২১ সালে এআইএডিএমকে সরকার যে ঋণ মকুবের ঘোষণা করেছেন, তা আগের ডিএমকে ও এআইএডিএমকে সরকার ১২ কিস্তিতে মিটিয়েছিল। সেখানেই তাঁর সরকার ৩১ জুলাইয়ের মধ্যে ১৩ লক্ষেরও বেশি কৃষকদের মোট ৫ হাজার ২৬৭ কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছে।
প্রসঙ্গত, তামিলনাড়ুতে কৃষকদের বিক্ষোভ-আন্দোলন শুরু হয়েছিল ঋণ মকুবের দাবিতে। দফায় দফায় রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আলোচনাও হয়। এরপর সরকারের আশ্বাসেই কৃষকর আন্দোলন সাময়িকভাবে তুলে নেন। যদিও এবার মুখ্যমন্ত্রী বিজয়ের ঘোষণায় খুব একটা খুশি নয় কৃষক সংগঠন। তাদের বক্তব্য, সরকারের এই ঋণ মকুবে ২ লক্ষ ৩৮ হাজার কৃষক উপকৃত হলেও, এখনও ৭ লক্ষ ৪০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ঋণের সম্পূর্ণ বোঝা বইতে হবে।