
হায়দরাবাদ: যুবরাই গড়বে দেশের ভবিষ্যৎ। তাই তাদের হাতেই দেশ শাসনের ভার দেওয়া হোক। আর্জি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। ভারতে ১৮ বছর বয়স থেকে ভোটদানের অধিকার দেওয়া হয়। এবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর আর্জি, মাত্র ২১ বছর বয়স থেকেই দেশের যুবদের নির্বাচনে লড়াই করার অধিকার দেওয়া হোক।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, “বিধানসভা ও লোকসভা নির্বাচনে লড়াই করার ন্যূনতম বয়স হল ২৫ বছর। সেখানেই রাজ্যসভা ও কাউন্সিলে লড়াই করার জন্য ন্যূনতম বয়সসীমা হল ৩০ বছর। কিন্তু জার্মানি ও গ্রেট ব্রিটেনের মতো দেশে ১৮ বছর পূর্ণ হলেই নির্বাচনে লড়াই করা যায়। তারা ওই বয়সে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও হতে পারেন। সিঙ্গাপুরে ২১ বছর বয়সে তারা দেশের প্রধানমন্ত্রী হতে পারে।”
সেই পথেই এবার চলার ইচ্ছা প্রকাশ করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি বললেন, “আগামী অগস্ট মাসের প্রথম সপ্তাহে বিধানসভা ও বিধান পরিষদে বিশেষ অধিবেশন ডাকা হবে। দুই কক্ষেই এই বিষয়ে আলোচনা করা হবে। আমরা প্রস্তাব পাশ করব যেখানে বলা হবে যে বিধায়ক ও সাংসদ পদে নির্বাচনে লড়াই করার ন্যূনতম বয়সসীমা ২১ বছর করা উচিত। সেই প্রস্তাব প্রধানমন্ত্রীকে পাঠানো হবে।”
রেবন্ত রেড্ডি বলেন যে দেশ পরিচালনার সুযোগ যুবসমাজের হাতে তুলে দিতে হবে। এই লক্ষ্যেই তেলঙ্গানা বিধানসভায় প্রস্তাব আনা হবে। তিনি বলেন, “রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে লোকসভায়ও যাতে এই বিল পাশ হয়, তা নিশ্চিত করার চেষ্টা করব।”