Arvind Kejriwal: গ্রেফতারির আগেই ইনসুলিন নেওয়া বন্ধ হয় কেজরীর, তিহাড় দিল রিপোর্ট

Arvind Kejriwal: সম্প্রতি ইডি আদালতে দাবি করেছিল, জামিন পেতে অরবিন্দ কেজরীবাল বাড়ি আনা আম, আলু পুরি, মিষ্টি খাচ্ছেন। যাতে ব্লাড সুগার বেড়ে যায় এবং মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পেতে সুবিধা হয়, সে কারণেই এই পন্থা বলেও দাবি করে ইডি।

Arvind Kejriwal: গ্রেফতারির আগেই ইনসুলিন নেওয়া বন্ধ হয় কেজরীর, তিহাড় দিল রিপোর্ট
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।Image Credit source: PTI

Apr 21, 2024 | 12:14 AM

নয়া দিল্লি: ইনসুলিন-বিতর্কে অরবিন্দ কেজরীবাল। টাইপ-২ ডায়াবেটিক হওয়া সত্বেও কেজরীবালকে তিহাড়ে ইনসুলিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন আম আদমি পার্টির নেত্রী আতিশী। এ নিয়ে শনিবার জেল কর্তৃপক্ষ রিপোর্ট পাঠিয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিকে সাক্সেনাকে। সূত্রের খবর, সেই রিপোর্টে জানানো হয়েছে, গ্রেফতারির মাসখানেক আগে থেকেই অরবিন্দ কেজরীবাল ইনসুলিন নেওয়া বন্ধ করে দেন। বদলে অ্যান্টি-ডায়াবেটিস ওরাল মেডিসিন নিচ্ছিলেন।

সূত্রের খবর, তিহাড় কর্তৃপক্ষ রিপোর্টে জানিয়েছে, তিহাড় জেলে স্বাস্থ্য পরীক্ষার সময়ই কেজরীবাল চিকিৎসকদের জানিয়েছিলেন, তিনি দীর্ঘদিন ইনসুলিন নিয়েছেন। তবে কিছু মাস হল তা বন্ধ করে দিয়েছেন।

সম্প্রতি ইডি আদালতে দাবি করেছিল, জামিন পেতে অরবিন্দ কেজরীবাল বাড়ি থেকে আনা আম, আলু পুরি, মিষ্টি খাচ্ছেন। যাতে ব্লাড সুগার বেড়ে যায় এবং মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পেতে সুবিধা হয়, সে কারণেই এই পন্থা বলেও দাবি করে ইডি।

এদিকে এই ঘটনার পরই আপ নেত্রী আতিশী দাবি করেন, “কেজরীবালকে ষড়যন্ত্র করে মারার পরিকল্পনা করা হচ্ছে। বারবার অনুরোধ করেও ইনসুলিন পাচ্ছেন না। কেজরীবাল ৩০ বছর ধরে ডায়াবেটিক। প্রতিদিন ৫৪ ইউনিট ইনসুলিন নিতে হয় তাঁকে। যে কোনও ডাক্তারকে জিজ্ঞাসা করুন।”

তিহাড় জেল কর্তৃপক্ষ রিপোর্টে দাবি করেছেন, আপ নেতৃত্ব যা বলছে, তা একেবারেই বাস্তবসম্মত নয়। তেলঙ্গনার একটি ক্লিনিকে এক চিকিৎসক ইনসুলিনের পরামর্শ দিয়েছিলেন। তবে গ্রেফতারির বহু আগেই সেই ইনসুলিন নেওয়া বন্ধ করারও পরামর্শ দেন চিকিৎসক।

Follow Us