
ভোপাল: উত্তরাখণ্ড দেখিয়েছিল পথ। তারপর একের পর এক রাজ্য চালু করছে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। আরও এক রাজ্যে সম্মতি পেল অভিন্ন দেওয়ানি বিধি। এই নতুন আইনে বিবাহ, লিভ ইন সম্পর্ক থেকে শুরু করে সম্পত্তিতে উত্তরাধিকার, ধর্মীয় স্বাধীনতা নিয়ে সমান অধিকার নিশ্চিত করা হল।
রবিবার মধ্য প্রদেশ (Madhya Pradesh) ক্য়াবিনেট সর্বসম্মতিতে অভিন্ন দেওয়ানি বিধিতে সম্মতি দেয়। রাজ্য সরকার জানিয়েছে, এই আইনে সকলের সমান অধিকার নিশ্চিত করবে। তবে জনজাতি ও উপজাতিরা এই আইন থেকে সুরক্ষিত থাকবে। তাদের উপরে এই আইন চাপিয়ে দেওয়া হবে না।
মধ্য প্রদেশে লাগু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। এই আইনে বলা হয়েছে, যদি কোনও বিবাহিত ব্যক্তি অন্য মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে যান, তাহলে তাঁর পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “রাম হোক বা রহিম, অভিন্ন দেওয়ানি বিধিতে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।”
আরও বলা হয়েছে, অভিন্ন দেওয়ানি বিধিতে স্বামী বা স্ত্রী জীবিত থাকলে, একটি বিয়েতেই অনুমতি দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় আদালতের সিদ্ধান্তে যদি ডিভোর্স হয়, তবেই দ্বিতীয় বিয়ে করা যাবে।
বিয়ের জন্য পুরুষদের ন্যূনতম বয়স ২১ বছর ও মহিলাদের ন্যূনতম বয়স ১৮ বছর ধার্য করা হয়েছে। পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা- সকল স্তরেই বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
সম্পত্তির উত্তাধিকারের ক্ষেত্রে পুত্র ও কন্যা সন্তানদের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আগে আইনে ছিল যে মহিলারা শুধু অর্ধেক ভাগ পাবে।
লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে যুগলকে একসঙ্গে থাকা শুরু করার এক মাসের মধ্যে রেজিস্টার করতে হবে। লিভ ইন সম্পর্কের ক্ষেত্রেও পুরুষদের ন্যূনতম বয়স ২১ বছর ও মহিলাদের ন্যূনতম বয়স ১৮ বছর ধার্য করা হয়েছে। বিবাহিতরা লিভ ইন সম্পর্কে থাকলে, তাদের পাঁচ বছরের জেল হবে।
ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধিতে। বলা হয়েছে, সকলে নিজেদের ধর্মীয় আচার-আচরণ অনুশীলন করার স্বাধীনতা দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে রাজ্যের ৮০ শতাংশ মুসলিম মহিলা ও ৪০ শতাংশ মুসলিম পুরুষ সম্মতি দিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধিতে মহিলাদের সম্মান রক্ষা, সমান অধিকার রক্ষা, সামাজিক সম্প্রতি বজায় রাখা হবে।