
নয়া দিল্লি: ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশ করল ইউজিসি-নেট (UGC-NET)-র ফলাফল। গত জুন মাসে এই পরীক্ষা হয়েছিল। মোট ৮৪টি বিষয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে। মোট ৪ হাজার ২৪১ জন প্রার্থী জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-উভয়েই উত্তীর্ণ হয়েছে।
এনটিএ জানিয়েছে, মোট ৭ লক্ষ ৭৩ হাজার ৮০৬ জন প্রার্থী রেজিস্ট্রেশন করেছিল ইউজিসি-নেট (UGC-NET)-র জন্য। এর মধ্যে ৬ লক্ষ ৭ হাজার ১৫১ জন পরীক্ষায় বসেছিল। ৪৫ হাজার ৯০৪ জন প্রার্থী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে উত্তীর্ণ হয়েছে। তারা পিএইচডি-তে ভর্তি হতে পারবে। অন্যদিকে ৯৭ হাজার ৪৩৪ জন প্রার্থী শুধু পিএইচডি অ্যাডমিশনের জন্য উত্তীর্ণ হয়েছে। ৪ হাজার ২৪১ জন প্রার্থী জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-উভয়েই উত্তীর্ণ হয়েছে।
এনটিএ জানিয়েছে, মোট তিনটি পেপার পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এগুলি হল ইংরেজি, কমার্স ও সোশিওলজি। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর এগুলির পুনরায় পরীক্ষা হবে। প্রশ্নপত্রে ভুল থাকার কারণেই পুনরায় পরীক্ষা নেওয়া হবে। যারা এই তিনটি বিষয়ে পুনরায় পরীক্ষায় বসবে, তাদের কোনও অতিরিক্ত ফি দিতে হবে না।