
লখনউ: শিক্ষকদের জন্য দারুণ সুখবর। এবার শিক্ষকরা নিখরচায় চিকিৎসার (Cashless Treatment) সুযোগ পাবেন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের যোগ্য শিক্ষকরা এবং তাদের পরিবার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। শীঘ্রই উচ্চ মাধ্যমিক বোর্ডের শিক্ষকদের জন্যও এই স্কিম চালু করা হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্যও আলাদাভাবে ব্যবস্থা করা হবে।
মুখ্যমন্ত্রী শিক্ষক ক্যাশলেস চিকিৎসা যোজনার (Mukhyamantri Shikshak Cashless Treatment Yojana) সূচনা করতে চলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। আগামী ৮ জুলাই তিনি এই স্কিমের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে দেশ জুড়ে সমস্ত এনপ্যানেলড বা রেজিস্টার্ড হাসপাতালেই উত্তর প্রদেশের চিকিৎসক ও তাদের পরিবার নিখরচায় চিকিৎসার সুবিধা পাবেন।
স্টেট এজেন্সি ফর কম্প্রিহেনসিভ হেলথ অ্যান্ড ইন্টিগ্রেটেড সার্ভিস (SACHIS)-র সিইও অর্চনা ভর্মা জানিয়েছেন, এই স্কিম পরিচালনার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। অনলাইনে আবেদনকারীদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভেরিফিকেশন ও অ্যাপ্রুভাল- সমস্ত প্রক্রিয়াটাই হবে।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৭ লক্ষ ৮৯ হাজার ৩২ জন উপভোক্তা এই পোর্টালে রেজিস্টার করেছেন। তাদের আবেদন ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে বিএলও-দের। বেসিক শিক্ষা অধিকারী চূড়ান্ত অ্যাপ্রুভাল দেবে। এই আবেদন গৃহীত হলে, তা জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বেনেফিশিয়ারি আইডেন্টিফিকেশন সিস্টেমে আপলোড করা হবে। শিক্ষকরা তাদের আধার ভিত্তিক ই-কেওয়াসি (e-KYC) আপলোড, ডিজিটাল হেলথ কার্ড ডাউনলোড এবং ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন এই পোর্টাল থেকেই।
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রথমে স্কুলের প্রিন্সিপাল ভেরিফিকেশন করবেন আবেদন সাবমিটের আগে, তারপর তা জমা দেওয়া হবে। এরপরে ডিস্ট্রিক ইন্সপেক্টর অব স্কুলস চূড়ান্ত অনুমোদন দেবেন। কেওয়াইসি ভেরিফিকেশনের পর নিখরচায় চিকিৎসার সুযোগ পাওয়া যাবে।
আধিকারিকরা জানিয়েছেন, আয়ুষ্মান ভারত স্কিমে যে যে স্বাস্থ্য-চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, তার সব কিছুই এই সরকারি স্কিমে পাওয়া যাবে। আয়ুষ্মান ভারতের সঙ্গে সংযুক্ত সকল হাসপাতালেই ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। শুধু শিক্ষকরাই নন, তাঁর মা-বাবা, স্ত্রী ও সন্তানরাও ফ্রি-তে চিকিৎসার সুবিধা পাবেন।