
নেপাল: হিমবাহ বিপর্যয়, তছনছ নেপাল। হড়পা বানে বিধ্বস্ত। কাঠমান্ডু প্রশাসন সূত্রে খবর, মৃতের সংখ্যা ১৬০ পেরিয়ে গিয়েছে। ২৯১ জন বিদেশি-সহ ৩৮৪ জন পর্যটকের খোঁজ নেই। ব্রিটেনের ৩৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪, ইউক্রেনের ৫৩ জন, আমেরিকার ৪৭, কানাডার ২৪ জন নিখোঁজ। পর্যটকরা কৈলাশ-মানস সরোবর দর্শনে যাচ্ছিলেন। নেপালে খোঁজ নেই ৩২ জন বাঙালি পর্যটকের। যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তাঁদের সঙ্গে। শুধু এতটুকুই জানা গিয়েছে, বুধবার তাঁদের নেপাল-তিব্বত সীমান্ত পেরনোর কথা ছিল।
কোথায় রয়েছেন তাঁরা? কী বলছেন ভ্রমণ সংস্থা?
ভ্রমণ সংস্থার আধিকারিক দিব্যজ্যোতি বসু বলেন, “ওরা ২১ তারিখ এখান থেকে ট্রেনে রওনা দিয়েছিলেন। ২২ তারিখ পৌঁছেছেন। মানস-সরোবর কৈলাশ ১৩ দিনের জার্নি। বুধবার তাঁরা রাসুওগারি পৌঁছেছিলেন। নেপালের বর্ডারে। ব্রিজটা পেরোলেই তিব্বতে পৌঁছে যাওয়া যায়। ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে ছিলেন সাড়ে আটটার সময়ে। কাল ওঁরা একটা ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেটার পরিপ্রেক্ষিতেই মনে করছি। ওটাই আমাদের সঙ্গে শেষ যোগাযোগ।”
নেপালের ট্রাভেল সংস্থার সঙ্গে যোগাযোগ
তবে তিনি এও জানিয়েছেন, ওখানকার সম্রাট ট্রাভেলসের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। তাঁর কথায়, “থেকে আমরা যতটুকু জেনেছি, সাউথ ইন্ডিয়ার একটা বাস ব্রিজ ক্রস করেনি, তার আগেই হড়পা বান এসেছে। তারপর থেকে আমরা আর কোনও খোঁজ পায়নি। সম্রাট ট্রাভেলসের নিজস্ব হেলিকপ্টার রয়েছে। ওরা চেষ্টা করেছিল, কিন্তু নামতে পারেনি। গোটা এলাকাটা ধুয়ে গিয়েছে। কোথায় রয়েছে, কীভাবে রয়েছে, জানতে পারছি না। নেপাল ট্যুরিজম বোর্ড ও এম্বাসির সঙ্গে যোগাযোগ রাখছি।”
লালবাজারের হেল্পলাইন নম্বর
০৩৩২৪৭৯৩৩১১, ৯১৪৭৮৯০১৮১
ভারতীয় দূতাবাসের হেল্পলাইন
+৯৭৭৯৮৫১৩১৬৮০৭, +৯৭৭৯৭০৯১০৭৫০০