
কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি (CID) দল। শনিবারের বার বেলায় প্রায় পাঁচ থেকে ছ’জন আধিকারিক অভিষেকের ‘শান্তিনিকেতন’নামের বাড়িতে পৌঁছয়। দরজা ধাক্কাধাক্কির পর তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের বাড়ি থেকে এক কর্মচারী বেরিয়ে এসে জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। এ দিকে, যখন সিআইডি অভিষেকের একটি বাড়িতে তখন তিনি কালীঘাটে তাঁর অপর বাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হলেন। স্পষ্টত জানালেন, ইডি-সিবিআইএর এর কাছেই মাথা নত করেননি তাহলে সিআইডি কোন ছাড়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
অভিষেক বলেন, “ওদের এখানে আসতে বলুন। আপনাদের মাধ্যমে খবর পাঠালাম। আমি এখানে থাকি। এই বাড়িতে আসতে হবে।” তারপর তার আরও বক্তব্য, “আমার বাড়ির কোন অংশটা বেআইনি? সেইটা কলকাতা পুরসভা বলতে পারবে। আমার কাছে ভিডিয়ো রয়েছে। একটা নোটিস লাগিয়ে চলে গেল। কোন অংশটা বেআইনি বলতে হবে তো। আমার যা বলার আমি বলে দিয়েছি। বাকি সিআইডি-ইডি-পুরসভা কেন এসেছে তারাই তো বলতে পারবে।”
তিনি এও বলেন, “আমি জানি না কেন সিআইডি এসেছে। সাংবাদিকরা বলেই দিচ্ছেন, সই জাল মামলায় এসেছে সিআইডি। তার মানে ওরা তো সাংবাদিকদের জানিয়েই দিচ্ছেন কোথায়। সিআইডি কী? এদের ইডি সিবিআই-এর কাছেই মাথা নত করিনি। এদের দশ পুরুষও যদি চায় না আমাকে সিআইডি দিয়ে পুরসভা দিয়ে আমার ঘর অফিস ভেঙে মাথায় আঘাত করে যা ইচ্ছা চেষ্টা করুক। আমি দমার ছেলে নই।” এরপর তিনি নিজেই বলে দেন, “আমি বেলেঘাটয় কুণাল ঘোষের অফিসে দেখা করেছি। ওইখানে গিয়েছিলাম ওই খানে থেকেই এসেছি।”