
কলকাতা: রাজ্যে সুপার এমারজেন্সি চলছে। মমতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এমনই সব অভিযোগ তুলে সরব হয়েছে মমতা-পন্থী তৃণমূল (Mamata Banerjee)। এবার এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। প্রশ্ন তুললেন, মমতাকে কেন হাউস অ্যারেস্ট করা হবে না? একইসঙ্গে তাঁর বিস্ফোরক অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দেওয়ার চেষ্টা করছেন।
১৫ বছরে তৃণমূল জমানায় মহিলাদের উপর অত্যাচারের অভিযোগকে ফের তুলে এনেছেন অগ্নিমিত্রা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “গত ১৫ বছরে প্রতিদিন প্রতি মিনিটে যখন মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, তখন উনি উন্নাওতে ওঁর টিম পাঠিয়েছিলেন। উনি মণিপুরে পাঠিয়েছিলেন। আমাদের বাংলার গ্রামে গ্রামে লোক পাঠাননি। লোক পাঠানো তো দূরের কথা, ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।”
মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে বারুইপুরে যেতে চাইছেন। এমনই অভিযোগ তুলেছেন অগ্নিমিত্রা। কড়া ভাষায় বলেন,”আজ আপনি যাবেন ওখানে রাজনীতি করতে? আর আমরা সেটার অনুমতি দেব? আপনি সেখানে গিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করবেন? যেমন গত ১৫ বছর করেছেন? বিভাজনের রাজনীতি করেছেন। সেদিনও আপনি যাননি, আজও আপনি যাবেন না। সেদিনও আমরা গিয়েছিলাম, আজও আমরা যাব।”
বারুইপুরের ঘটনার তীব্র নিন্দা করেছেন অগ্নিমিত্রা পাল। তিনি জানান, মৃত নাবালিকার পরিবারকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডেকেছেন। তিনি বলেন, ” আমাদের কাছে গুরুত্বপূর্ণ এটাই, যে কোনও মহিলার উপর যদি আক্রমণ হয়, অত্যাচার হয় এইভাবে নৃশংসভাবে অত্যাচার করা হয়, তাকে ছাড়া হবে না।”
উল্লেখ্য, বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও রকম উত্তেজনা বা বেআইনি জমায়েত না হয়, সেই লক্ষ্যে প্রশাসন কড়া পদক্ষেপ করেছে। মোট তিনটি থানা এলাকায় এই ধারা জারি করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। ১৬৩ ধারা অনুযায়ী, তিন থানা এলাকায় পাঁচ বা তার বেশি জমায়েত করা যাবে না।